পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কেশপুর কেন্দ্রে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল এলাকা। বৃহস্পতিবার সকালে দিঘা বুথে ভোট দিয়ে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় এক মহিলা ভোটারের। মৃতার নাম ইসরাতন বিবি (৫০)। তিনি কেশপুরের সীমাগেরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় নাম থাকা-না থাকা নিয়ে মানসিক চাপে ভুগছিলেন তিনি। অভিযোগ, তাঁর স্বামী শেখ নবাবজান আলির নাম এসআইআর (SIR) থেকে বাদ পড়েছিল। শুধু তাই নয়, পরিবারের আরও কয়েকজন সদস্যের নামও ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার ঘটনায় উদ্বেগ আরও বাড়ে। সেই চাপই ধীরে ধীরে গভীর মানসিক অশান্তির রূপ নেয়।
বৃহস্পতিবার সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ইসরাতন বিবি। কিন্তু বুথ থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরে তাঁর মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারে রেখে গেলেন স্বামী ও চার সন্তান—দুই ছেলে ও দুই মেয়ে।
ঘটনার খবর পেয়ে মৃতার বাড়িতে পৌঁছন এলাকার তৃণমূল প্রার্থী শিউলি সাহা। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কথায়, “এটা গণতন্ত্রের লজ্জা। ভোটার তালিকা থেকে পরিবারের নাম বাদ যাওয়ায় উনি প্রবল মানসিক চাপে ছিলেন। এই ঘটনার দায় এড়াতে পারে না কমিশন।”
এই ঘটনায় নতুন করে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে।







