আসাম সীমান্তে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। বিস্ফোরক মন্তব্য করে বিজেপি নেতা অর্জুন সিং জানালেন, “দল আমাকে দায়িত্ব দিক, আমি উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেব।”
শুধু তাই নয়, তিনি সরাসরি অভিযোগ তুলেছেন—এই হামলার নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল। দাবি করেছেন, এই চক্রান্তের নেতৃত্বে ছিলেন উত্তরবঙ্গের প্রভাবশালী তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।
অর্জুন সিং-এর ভাষায়,
“শুভেন্দু অধিকারীকে খুন করার চেষ্টা হয়েছিল। উনি বেঁচে গেছেন তাঁর বাবা-মায়ের আশীর্বাদে, সিকিউরিটির জন্য নয়। একটাও গুলি চালানো হয়নি, একটা লাঠিও ওঠেনি! এটা কী ধরনের নিরাপত্তা?”
তিনি আরও বলেন,
“নিশীথ প্রামাণিককে ধন্যবাদ, উনি বুলেটপ্রুফ গাড়ি দিয়েছিলেন। না হলে কী হতো তা ভেবেই শিউরে উঠছি। আমি জানি, কীভাবে উদয়ন গুহকে রাজনীতি থেকে ছিটকে দিতে হয়। সেই কৌশল আমার জানা আছে। দল আমাকে দায়িত্ব দিক, বাকিটা আমার ওপর ছেড়ে দিক।”
সিংয়ের দাবি, “শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের প্রতীক। ওনাকে সরাতে পারলেই বিজেপিকে দুর্বল করা যাবে—এই পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে। আর এর নেপথ্যে রয়েছে তৃণমূল নেতৃত্ব।”
এই বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ আরও চড়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।







