মঙ্গলবার কোচবিহারে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল আরও একধাপ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। অভিযোগ উঠেছে এই ঘটনার পিছনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নাম জড়িয়েছেন বলেই অভিযোগ শুভেন্দুর।
হামলার পর থেকেই তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এমনকি তিনি দাবি করেন এই হামলার নেপথ্যে রয়েছে মন্ত্রী উদয়ন গুহর প্রশ্রয়। পাশাপাশি কোচবিহার কোতোয়ালি ও ঘোকসাডাঙ্গা থানায় উদয়ন গুহ সহ মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে ঘটনার পর পাল্টা সাংবাদিক বৈঠকে মুখ খোলেন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর নিজের নামেই এই মামলার বিষয়টি তিনি অবগত রয়েছেন। এই ঘটনায় এখন রাজনৈতিক চাপানউতোর চরমে। পুলিশ তদন্ত শুরু করলেও, এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক পারদ।
এপ্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, “আমার নামে এফআইআর হবে এটাতে আশ্চর্য কিছু হইনি। তবে আশ্চর্য হয়েছি, গতকাল থেকে শুভেন্দু বলে আসছিল আমি নাকি রোহিঙ্গাদের মতো ওর উপর আক্রমণ করেছি। কিন্তু আজকে দেখছি যে অভিযোগ পত্র রয়েছে তাতে একজন রোহিঙ্গারও নাম নেই। যাঁদের নাম রয়েছে তারা সবাই এখানকার ভূমিপুত্র। তাহলে কি রোহিঙ্গাদের সঙ্গে বিজেপির গোপন যোগাযোগ রয়েছে? খালি মিথ্যাচার করে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আর খানিকটা মানসিক সমস্যা…। ওর আর একদিন কোচবিহারের তুফানগঞ্জে থাকা উচিত ছিল। ওইখানে ভাল চিকিৎসার ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা কোচবিহারে ভাল হয়।”







