জেলা

হাসনাবাদে জলমগ্ন এলাকা পরিদর্শনে বিডিও, শ্যালো মেশিন বসিয়ে দ্রুত জলনিষ্কাশনের উদ্যোগ

উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের একাধিক এলাকায় জলজটের সমস্যায় ভোগান্তিতে সাধারণ মানুষ। দক্ষিণ বরুনহাট, গাজিপাড়া, পালপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে গত কুড়ি দিনেরও বেশি সময় ধরে অতি বৃষ্টির জেরে জমে রয়েছে হাঁটু থেকে কোমর সমান জল। বাড়ির ভিতরে ঢুকে পড়ছে পোকামাকড়, এমনকি সাপও। ফলস্বরূপ, সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

জলের জন্য নষ্ট হয়েছে কৃষিজমি ও মাছের ভেড়ি। জমা জলে পচন ধরায় বাড়ছে দূষণও। বারবার জানিয়েও স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভ বাড়ছিল গ্রামবাসীদের মধ্যে।

এই পরিস্থিতিতে হাসনাবাদ ব্লকের বিডিও অলিম্পিয়া ব্যানার্জি স্বয়ং পঞ্চায়েত প্রধান আবুল কালাম এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ ঘটনাস্থলে পৌঁছান। “আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্পের আওতায় শ্যালো মেশিন বসিয়ে দ্রুত জলনিষ্কাশনের কাজ শুরু করা হয়।

বিডিও জানান, “স্থানীয় মানুষ যেভাবে সমস্যার মধ্যে রয়েছেন, তা অস্বীকার করা যায় না। আমরা মাঠে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। যত দ্রুত সম্ভব জল বের করে এলাকাবাসীদের স্বস্তি ফিরিয়ে আনা হবে।”

পাশাপাশি, পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন—পরবর্তী সময়ে এমন পরিস্থিতি যাতে না হয়, সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা খাইরুল বিবি বলেন, “অনেকবার বলার পর আজ বিডিও নিজে এসে দেখে গেলেন, আমাদের আশা এবার সত্যিই কিছু হবে।”

প্রশাসনের এই তৎপরতায় আপাতত আশার আলো দেখছেন জলমগ্ন এলাকার বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.