বসিরহাট: সুন্দরবনের রায়মঙ্গল নদী পেরিয়ে আবারও অবৈধ অনুপ্রবেশ। উত্তর ২৪ পরগনার হেমনগর কোস্টাল থানা এলাকা থেকে এক মহিলা ও এক পুরুষ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম বিল্লাল হোসেন ও কুলসুম বিবি। জানা গেছে, দু’জনেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা।
সূত্রের খবর, বৃহস্পতিবার কালীতলার মিশন মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই দুই ব্যক্তি। নজরে আসে টহলরত হেমনগর থানার পুলিশের। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়তেই আটক করা হয় তাদের। পরবর্তী জেরায় দু’জনেই স্বীকার করেন যে জলপথে রায়মঙ্গল নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
এই একই জল সীমান্ত ব্যবহার করে সম্প্রতি আরও একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চিন্তিত নিরাপত্তা মহল। আজ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।







