জেলা

শান্তিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক

নদীয়া: সোমবার সকালেই চাঞ্চল্যকর পথ দুর্ঘটনা ঘটল নদীয়ার শান্তিপুরে। সকাল সাতটা নাগাদ যাত্রীবোঝাই একটি বেসরকারি লাক্সারি বাস দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন একাধিক যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে শান্তিপুর বাইপাসের 12 নম্বর জাতীয় সড়কের উড়ালপুল সংলগ্ন বিএড কলেজের কাছে। কৃষ্ণনগরের দিক থেকে কলকাতাগামী ওই বাসের যাত্রীরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার মুহূর্তে বাসের চালক জল খেতে গিয়েছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি।

দুর্ঘটনার তীব্রতায় বাসের প্রায় প্রত্যেক যাত্রীই কমবেশি আহত হয়েছেন। কারও মাথায় গুরুতর আঘাত, কারও নাক ফেটে রক্তাক্ত অবস্থা। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে দুই গুরুতর আহত যাত্রীকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও কয়েকজন আহতকে রানাঘাট ও কৃষ্ণনগর হাসপাতালেও পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। বাস ও লরিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: এই জাতীয় সড়কে প্রতিদিনই যানবাহনের চাপ প্রবল থাকে। বিশেষজ্ঞদের মতে, ক্লান্ত অবস্থায় বা অসতর্ক হয়ে গাড়ি চালানোই দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.