রুজির টানে প্রথমে কেরল, পরে মধ্যপ্রাচ্যের দুবাই পাড়ি এ যেন হাজার হাজার পরিযায়ী শ্রমিকের গল্পের এক বেদনার ছায়া। এমনই এক ঘটনায়, এক বাঙালি যুবকের হদিস মিলছে না বেশ কিছু দিন ধরে। পরিবারের কাছে তাঁর বর্তমান অবস্থান পুরোপুরি অজানা। জীবিত না নিখোঁজ, কাজ করছেন না বন্দি এ নিয়েও তৈরি হয়েছে প্রবল উদ্বেগ।
দীর্ঘ অপেক্ষা ও দুশ্চিন্তার পর অবশেষে ছেলেকে খুঁজতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই যুবকের বাবা-মা।
সোনার দোকানে কাজ থেকে ‘অপহরণ’-এর অভিযোগ
পূর্ব বর্ধমানের বাসিন্দা সুরজিৎ আদিত্য জীবিকার সন্ধানে কেরলে যান। স্থানীয় একটি সোনার দোকানে কাজ করতেন তিনি। সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু মে মাসে পরিবারে একটি অজানা নম্বর থেকে ফোন আসে।
নিজেকে সোনার দোকানের মালিক পরিচয় দিয়ে এক ব্যক্তি জানান, সুরজিৎ এখন তাঁর হেফাজতে। এমনকি ওই ব্যক্তি দাবি করেন, গত ১৫ দিন ধরে সুরজিৎ তাঁর কাছেই আটকে রয়েছেন এবং তাঁকে মুক্ত করতে হলে ৬০ লক্ষ টাকা দিতে হবে। দাবি সমর্থনে কেরলের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও পাঠানো হয়।
পরিবার প্রথমে প্রতারণা সন্দেহে টাকা দিতে অস্বীকার করে। এর মধ্যেই গুজব ছড়ায় সুরজিৎ নাকি কেরল থেকে দুবাই চলে গিয়েছেন। কীভাবে, কার সহায়তায়, কোন পদ্ধতিতে তা আজও অজানা। পরিবারের পক্ষ থেকে নানা চেষ্টার পরেও তাঁর সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।
পরিস্থিতির কোনও সমাধান না মেলায় অবশেষে কলকাতা হাইকোর্টে রিট মামলা দায়ের করেন সুরজিতের পরিবার। তাঁরা আবেদন জানান, কেন্দ্র সরকার যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তার মাধ্যমে ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়। গত সপ্তাহে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। কেন্দ্রের হয়ে উপস্থিত আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতকে আশ্বস্ত করেছেন তাঁরা তদন্ত করে দেখবেন, সুরজিত আদৌ দুবাইয়ের কোনও জেলে বন্দি আছেন কি না। পরিবার এখন কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দিকেই তাকিয়ে। তারা জানিয়েছে, বিদেশে যাওয়ার মতো আর্থিক ও আইনি সহায়তা তাদের নেই, তাই সরকারের হস্তক্ষেপই একমাত্র ভরসা।







