এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিশানায় মেয়র ফিরহাদ হাকিম। নবান্ন–রাজভবন সংঘর্ষ কি আরও বড় হতে চলেছে? এই প্রশ্নই উঠছে এখন রাজ্য রাজনীতি জুড়ে। সূত্রের খবর, তৃণমূলকে একটি চিঠি লিখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে রাজ্যপালের প্রশ্ন ফিরহাদ হাকিমের পদ প্রসঙ্গে। ফিরহাদ হাকিম রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়রও। এই দুই পদে এক ব্যক্তির থাকা নিয়েই রাজ্যপাল প্রশ্ন তুলেছেন। জানতে চেয়েছেন, কীভাবে ফিরহাদ একইসঙ্গে মন্ত্রী এবং মেয়র?
রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লেখেন, ‘মন্ত্রী-মেয়র দুই পদে থেকেই কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন ফিরহাদ হাকিম?’। সিভি আনন্দ বোস জানতে চান, একজন ব্যক্তি এরকম গুরুত্বপূর্ণ দু’টি পদে থেকে কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন?
গত কয়েকদিনে একাধিক বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের ছবি প্রকাশ্যে এসেছে। একের পর এক বিশ্ববিদ্যালয়, যা উপাচার্যহীন, সেখানে নিজস্ব সিদ্ধান্তে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কখনও বসিয়েছেন প্রাক্তন বিচারপতি, আবার কখনও বসিয়েছেন প্রাক্তন আইপিএসকে। এহেন আবহাওয়ায় এই ঘটনা আবার নতুন করে আলোড়ন ফেলল।







