জেলা

নিখোঁজ গৃহবধূ: প্রেমের টানে উধাও বারাসাতের প্রায় ৫০০ নারী, উদ্বিগ্ন পরিবার ও প্রশাসন

গত পাঁচ মাসে বারাসাত পুলিশের অন্তর্গত এলাকাগুলিতে প্রায় ৫০০ জন বিবাহিত গৃহবধূ নিখোঁজ হয়ে গিয়েছেন বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলা পুলিশের পরিসংখ্যান জানাচ্ছে, মোট ৫৩৬ জন যুবতী নিখোঁজ, যার মধ্যে গৃহবধূর সংখ্যাই সবচেয়ে বেশি। ঘটনাগুলোর পেছনে উঠে আসছে এক অভিন্ন চিত্র। একাকীত্ব, দাম্পত্য জীবনের দূরত্ব ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা ‘ভার্চুয়াল প্রেম’-এর টানেই বাড়ি ছাড়ছেন অনেক নারী।

মনোবিদদের মতে, বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার ব্যক্তিগত সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। পরিবারের পুরুষ সদস্যরা কর্মসূত্রে ভিনরাজ্যে কিংবা বিদেশে থাকার কারণে, অনেক মহিলাই ধীরে ধীরে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। সেই শূন্যতায় আশ্রয় নিচ্ছেন ‘পরপুরুষ’ নামক একটি আবেগী বন্ধনের মধ্যে, যা তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নিখোঁজ গৃহবধূদের মধ্যে কেউ স্বামীর পরিচিত জন, কেউবা স্থানীয় ব্যবসায়ী বা ঠিকাদারের সঙ্গে পাড়ি দিচ্ছেন নতুন জীবনের খোঁজে। অনেক ক্ষেত্রেই ছোটো ছোটো সন্তানদেরও ফেলে রেখে গিয়েছেন তাঁরা। কিছু নারী আবার বিয়ের কয়েক বছরের মধ্যেই সংসার ছেড়ে চলে গিয়েছেন।

নিখোঁজদের অধিকাংশই প্রাপ্তবয়স্ক হওয়ায়, আইনের চোখে তাঁদের উপর জোর খাটাতে পারছে না পুলিশ। অনেক সময় স্ত্রীদের খুঁজে পাওয়ার পর তাঁরা সাফ জানিয়ে দিচ্ছেন,”আমি প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি।” ফলে, পুলিশের ভূমিকা অনেকটাই সীমিত হয়ে পড়ছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে প্রায় ২০০ জন নারীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও তাঁদের মধ্যে অনেকে স্বেচ্ছায় ফিরে আসেননি। পরিবার ও পুলিশের মিলিত প্রচেষ্টায় তাঁদের ফিরিয়ে আনা হয়েছে। আবার অনেকেই ফিরতে একেবারেই রাজি নন। শুধু গৃহবধূ নয়, বারাসাত জেলায় নাবালক-নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনাও উদ্বেগের কারণ। এই সময়ে ৩৩ জন নাবালক ও ১৯৯ জন নাবালিকা নিখোঁজ, যাঁদের মধ্যে বেশ কয়েকজন এখনও খোঁজ পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে অনেক পরিবারই লজ্জা বা সামাজিক চাপের কারণে থানায় অভিযোগ জানাতে দ্বিধা করছেন। অনেক স্বামী পুলিশের কাছে অনুরোধ করেছেন যেন বিষয়টি গোপন রাখা হয়। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক জীবনকে আরও সংহত ও স্বচ্ছ করা, সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধিই পারে এই ধরনের ঘটনা ঠেকাতে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় নজরদারি ও সম্পর্ক বিষয়ে জনসচেতনতা বাড়ানোও আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয়। বারাসতের এই ঘটনা নিছক একটি জেলার সমস্যা নয়, বরং সমগ্র সমাজের এক গভীর অসুস্থতাকে নগ্নভাবে সামনে এনে দিয়েছে। সময় থাকতে যদি সতর্ক না হওয়া যায়, তাহলে এমন ঘটনা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.