কলকাতা

ঋণই কাল! রাজারহাটে পরিবারের আত্মঘাতী পদক্ষেপে প্রাণ গেল দুই মহিলার

বিপুল অর্থনৈতিক সংকটের জেরে রাজারহাটের দেবী পার্ক এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। বাজারে ঋণের দায়ে একই পরিবারের তিনজন একযোগে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে দুই মহিলার মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবারের পুরুষ সদস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় দে নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন। কয়েক মাস আগে শেয়ার বাজারে বিপুল লগ্নির ফলে তিনি চরম দেনায় ডুবে যান। দেনা শোধ করতে গিয়ে নিজের বাড়ি ও গাড়ি বিক্রি করে দেন। এরপর প্রায় ৯ মাস আগে এই এলাকায় ভাড়া উঠে আসেন। তবে দেনার বোঝা হালকা হয়নি। জানা যাচ্ছে, স্থানীয় বহু মানুষ তাঁর কাছে টাকা পেতেন।

রবিবার সকালে সঞ্জয় দে, তাঁর স্ত্রী ও শাশুড়ি প্রায় ৪০টি ঘুমের ও প্রেশার কমানোর ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে সঞ্জয়বাবুর স্ত্রী ও শাশুড়িকে মৃত ঘোষণা করা হয়। সঞ্জয় দে বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিবেশীদের দাবি, সঞ্জয় ও তাঁর পরিবার এলাকার সঙ্গে খুব একটা মিশতেন না। শুক্রবার তাঁদের বাড়িতে উচ্চস্বরে ঝামেলার শব্দ শোনা যায়। সঞ্জয় বাড়িওয়ালাকে জানান যে সোমবার তাঁরা বাড়ি ছেড়ে চলে যাবেন। রবিবার দীর্ঘ সময় কোনও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা সন্দেহ করে। পরে পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে তিনজনকে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিপুল দেনার চাপেই এই আত্মঘাতী সিদ্ধান্ত। তবে এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.