খেলাধুলা

বৈভবের উত্থানে দাপট কমে সঞ্জুর, রাজস্থান ছাড়ার গুঞ্জনে সরগরম ক্রিকেট মহল

আইপিএল ট্রান্সফার মার্কেটে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের এই তারকা অধিনায়ক নাকি মিনি নিলামের আগেই দল ছাড়তে চাইছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কারণ জানা যায়নি, তবে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে, ১৪ বছরের বৈভব সূর্যবংশীর দুরন্ত উত্থানই সঞ্জুর গুরুত্ব কমিয়ে দিয়েছে। রাজস্থানের ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন ও ব্যাটিং অর্ডারে জায়গা সংকোচনই নাকি এই বিচ্ছেদের সম্ভাব্য কারণ।

আকাশের বিশ্লেষণে উঠে এসেছে, একসময় রাজস্থান সঞ্জুর ওপেনিংয়ে খেলানোর জন্য জস বাটলারকেও ছেড়ে দিয়েছিল। কিন্তু বৈভবের আগমনে দলে এখন দু’জন তরুণ ওপেনার তৈরি। এর সঙ্গে ধ্রুব জুরেলকেও উপরের দিকে খেলানোর পরিকল্পনা চলছে। ফলে সঞ্জুর ব্যাটিং ভূমিকা ও অধিনায়কত্বের প্রভাব আগের মতো থাকছে না। দল গঠন ও রিটেনশন নীতি নিয়েও সঞ্জুর মতামতের গুরুত্ব কমে গেছে বলে ধারণা।

গত মরসুমে সঞ্জুর চোটের সময় আইপিএল মঞ্চে পা রাখেন বৈভব সূর্যবংশী। গুজরাতের বিরুদ্ধে দুর্দান্ত শতরানে আলোচনায় আসেন এই কিশোর প্রতিভা। সেই ইনিংস থেকেই সঞ্জুর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সূচনা। রাজস্থানের সঙ্গে তাঁর সম্পর্ক যতই মজবুত হোক, তরুণ প্রতিভাদের জায়গা করে দেওয়ার প্রবণতা এবার হয়তো তাঁকে সরে দাঁড়াতে বাধ্য করছে।

সঞ্জুর পরবর্তী গন্তব্য এখনও স্পষ্ট নয়। চেন্নাই সুপার কিংস তাঁকে সরাসরি কিনে নিতে পারে, তবে আকাশ চোপড়ার মতে কলকাতা নাইট রাইডার্সেরই সঞ্জুর জন্য এগিয়ে আসা উচিত। ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ও সম্ভাব্য অধিনায়ক—দুটি শূন্যস্থানই পূরণ হতে পারে তাঁর আগমনে। সব মিলিয়ে, সঞ্জুর এই সিদ্ধান্ত আইপিএলের দলবদল বাজারে নতুন চমক এনে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.