রাজনীতিরাজ্য

‘নতুন দল’ থেকে ইউ-টার্ন? অভিষেকের সঙ্গে বৈঠকের পর হুমায়ুনের রহস্যময় বার্তা— “বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়”

বেশ কয়েকদিন ধরে দলবিরোধী মন্তব্য ও স্বাধীনতা দিবসের পর নতুন দল গঠনের হুঁশিয়ারি দিয়ে রাজনীতির অন্দরে চাঞ্চল্য তৈরি করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার, বহরমপুরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।

দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুচকি হেসে শুধু বললেন— “নো কমেন্টস… নো কমেন্টস। বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়।” বৈঠক নিয়ে সন্তুষ্টির কথাও জানান তিনি, তবে আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকার করেন।

দলের সঙ্গে হুমায়ুনের টানাপোড়েন নতুন নয়। জেলা নেতৃত্বদের বিরুদ্ধে বহুবার প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন তিনি। খলিলুর রহমান, অপূর্ব সরকার, এমনকি জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও তোপ দেগেছেন একাধিকবার। অভিযোগ, দীর্ঘদিন দলের সঙ্গে থাকলেও গুরুত্ব দেওয়া হয়নি তাঁকে। তবুও কখনও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কথা বলেননি তিনি।

সম্প্রতি নতুন দল গঠনের ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছিলেন— “দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে নয়।” তাঁর এই মন্তব্য ঘিরে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছিল তীব্র জল্পনা।

অবশেষে, অভিষেকের সঙ্গে বৈঠকের পর আপাতত সেই নতুন দল গঠনের পরিকল্পনা স্থগিত করলেন হুমায়ুন কবীর। তবে তাঁর রহস্যময় মন্তব্য— “বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়”— ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে এখনও চমক থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.