রাজনীতি

কমিশন অভিযানের দিনই মোদীর পাশে কল্যাণ! তৃণমূলে গুঞ্জন তুঙ্গে

‘ভোট চুরি’-র অভিযোগে বিরোধী জোটের নির্বাচন কমিশন অভিযানের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দেখা গেল তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শুধু উপস্থিতি নয়—দু’জনের মধ্যে সৌজন্যপূর্ণ কথোপকথন এবং একসঙ্গে ছবি তোলার মুহূর্ত এখন রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয়।

সোমবার দিল্লির বাবা খরক সিংহ মার্গে ১৮৪টি ফ্ল্যাটের নবনির্মিত সাংসদ আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন কল্যাণও। প্রত্যক্ষদর্শীদের দাবি, কল্যাণের সামনে এসে মোদী হেসে বলেন— “ক্যা কল্যাণজি, কল্যাণ হ্যায় তো?”—জবাবে কল্যাণও হাসিমুখে জানান সব কিছু ‘কল্যাণমূলক’।

অনুষ্ঠান শেষে মোদী নিজে মঞ্চের চেয়ার সরিয়ে সকলকে নিয়ে ছবি তোলার আহ্বান জানান। সেই কাজে হাত লাগান কল্যাণও। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ও তৃণমূল সাংসদ পাশাপাশি দাঁড়িয়ে থাকেন একই ফ্রেমে—যা এখন রাজনীতির গরম ছবি।

বিরোধীদের কমিশন অভিযানে গরহাজির থাকার কারণ হিসেবে কল্যাণ জানান, তৃণমূলের করা এসআইআর মামলার শুনানির জন্য সেদিন সুপ্রিম কোর্টে ছিলেন তিনি। পরে দলের অবগতিতেই যান সরকারি অনুষ্ঠানে।

তবে মাত্র এক সপ্তাহ আগে লোকসভার মুখ্যসচেতকের পদ ছাড়ার পর, এবং সাম্প্রতিক মমতা-বিরোধী মন্তব্যের প্রেক্ষাপটে, এই উপস্থিতি ঘিরে তৃণমূলের ভিতরেই গুঞ্জন তুঙ্গে। রাজনৈতিক মহলের প্রশ্ন—এ কি কেবল সৌজন্য? নাকি দলের প্রতি ‘চাপের বার্তা’?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.