দেশ

স্বামীর পরিত্যাগ সত্ত্বেও দায়িত্বে অটল, হাইকোর্টে ‘আদর্শ ভারতীয় বধূ’ উপাধি পেলেন মহিলা

মধ্যপ্রদেশ হাইকোর্টে এক বিবাহবিচ্ছেদ মামলায় উঠে এল নজিরবিহীন রায়। বিচারপতি বিবেক রুশিয়া ও বিচারপতি বিনোদকুমার দ্বিবেদীর বেঞ্চে শুনানি শেষে আদালত এক মহিলাকে আদর্শ ভারতীয় বধূ আখ্যা দেন।

মামলার সূচনা হয়েছিল পারিবারিক আদালতে। স্বামী অভিযোগ তুলেছিলেন, স্ত্রী তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চান না এবং সন্দেহ করেন তিনি মদ্যপান ও পরকীয়ায় লিপ্ত। স্বামীর দাবি, ২০০২ সালে স্ত্রী গর্ভবতী হলে তিনি খুশি হননি এবং সন্তানের জন্মের পর বাপের বাড়ি চলে যান।

স্ত্রী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানান, তিনি সবসময় স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব পালন করেছেন। বাপের বাড়ি থাকার সময় স্বামী এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ান বলে তাঁর দাবি। তবুও স্বামী তাঁকে ছেড়ে যাওয়ার পরও তিনি শ্বশুর-শাশুড়ির দেখভাল করেছেন।

দুই পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে এবং স্বামীর আবেদন খারিজ করে। বিচারপতি বেঞ্চের মন্তব্য, বিবাহ একটি পবিত্র বন্ধন, চুক্তি নয়। স্বামীর দ্বারা পরিত্যক্ত হয়েও স্ত্রী বৈবাহিক দায়িত্ব পালন করেছেন, মঙ্গলসূত্র বা সিঁদুর ত্যাগ করেননি এটাই তাঁকে ‘আদর্শ ভারতীয় বধূ’ করে তুলেছে। আদালতের মতে, এই মামলা এক নজির হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.