রাজধানীর বিধানসভা নির্বাচনের পূর্বে বৃহৎ মোড়! সূত্রের দাবি, সবচেয়ে বড় শরিক কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকেই হঠিয়ে ফেলতে চায় দিল্লির শাসকদল আম আদমি পার্টি। এই প্রসঙ্গে জোটের অন্যান্য আঞ্চলিক শরিকদের সঙ্গে আলোচনা চাইছে আপ, এমনটাই খবর।
উল্লেখ্য, দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন বুধবার কেজরীওয়ালকে ‘ফর্জিওয়াল’ বলেছিলেন। যার অর্থ জালিয়াত। মাকেন বলেছিলেন, ‘কেজরীওয়ালের কোনও মতাদর্শ নেই। তিনি রাজনৈতিক স্বার্থে বিজেপির ৩৭০ অনুচ্ছেদ রদ, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করেছেন।’ এবার তারই পালটায় আপ নেতৃত্বের এই পদক্ষেপ বলে প্রকাশিত খবরে, অন্তত এমনটাই দাবি।
বলতে গেলে, দিল্লি বিধানসভা নির্বাচনে একাই লড়ছে কংগ্রেস। মোট ৭০ আসনের মধ্যে ৪৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তারা। আপ নেতা কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ। মঙ্গলবার সরব হন অজয় মাকেন। তার পরবর্তীতেই এই পদক্ষেপ।
অন্যদিকে, আরজেডি প্রধান লালুপ্রসাদ, এনসিপি(এস) সভাপতি শরদ পওয়ার, শিবসেনা (উদ্ধব)-এর আদিত্য ঠাকরের মতো বিরোধী নেতারা এবং ওয়াইএসআর কংগ্রেসের মতো ইন্ডিয়ার বাইরের দলও বিরোধী জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার পক্ষে সওয়াল করেছিলেন। সূত্রের দাবি, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেছেন, বিরোধী মঞ্চের নেতৃত্বের দাবি জানাতে পারেন মমতা।







