জেলা

আলিপুরদুয়ার: স্ত্রী মৃত্যুর সাত মাসের মাথায় ফের বিবাহবন্ধনে জন বার্লা, নবদম্পতিকে শুভেচ্ছা রাজনৈতিক মহলের

আলিপুরদুয়ার: স্ত্রী মহিমা বার্লার প্রয়াণের সাত মাস পর ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা। জানা গিয়েছে, চলতি বছরের ১১ নভেম্বর আইনিভাবে বিবাহ সেরেছেন তিনি। নতুন জীবনসঙ্গী হলেন দলগাঁও চাবাগানের দলমণি ডিভিশনের মঞ্জু তিরকে, যিনি ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাই স্কুলের শিক্ষিকা।

প্রথম স্ত্রী মহিমা বার্লার মৃত্যু হয় গত ২৩ এপ্রিল। পরিবারে একাকিত্ব ও দৈনন্দিন কাজের চাপ সামলাতে অসুবিধে হচ্ছিল বলেই দুই পরিবারের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জন বার্লা। তাঁর কথায়, “আমি ও আমার পরিবার নিঃসঙ্গতায় ভুগছিলাম। বাড়িতে খাওয়া-দাওয়াসহ সব কাজ সামলাতে সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবারের সম্মতি নিয়ে ১১ নভেম্বর রেজিস্ট্রি করা হয়েছে। খুব তাড়াতাড়ি সামাজিক অনুষ্ঠানও হবে।”

ডুয়ার্সের রাজনৈতিক মহল নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, “শুনেছি উনি বিয়ে করেছেন। ওনাদের নতুন জীবনকে শুভেচ্ছা জানাই। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, তাই মন্তব্য করা ঠিক নয়।” একইভাবে আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগগাও বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে জন বার্লা ও মঞ্জু তিরকেকে অভিনন্দন জানান।

উল্লেখযোগ্যভাবে, জন বার্লা ডুয়ার্সের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। ২০১৯ সালে বিজেপির টিকিটে জিতে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ হন এবং পরে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ২০২৪ সালে তাঁকে প্রার্থী না করায় বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

নতুন জীবনের পথে জন বার্লা ও মঞ্জু তিরকেকে ডুয়ার্স জুড়ে শুভেচ্ছার বার্তা বইছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.