ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার। বেআইনি ফুটপাত দখলমুক্ত করার অভিযান যেমন চলছে, তেমনই অবৈধ নির্মাণ ভাঙার কাজও জোরকদমে এগোচ্ছে। তবে এবার শুধু উচ্ছেদ অভিযানেই সীমাবদ্ধ থাকছে না সরকার। কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটকে নতুন রূপে সাজানোর এক বৃহৎ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক মানের নকশায় লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের আদলে কলেজ স্ট্রিটকে দূষণমুক্ত ও ‘নো ভেহিকল জোন’ হিসেবে গড়ে তোলার ভাবনা নেওয়া হয়েছে। পাশাপাশি বইয়ের দোকানগুলিকেও একই থিমে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। আসানসোল জেলা গ্রন্থাগারে এসে এই পরিকল্পনার কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মন্ত্রী জানান, বর্তমান প্রজন্মকে মোবাইল ও ডিজিটাল দুনিয়ার অতিরিক্ত নির্ভরতা থেকে সরিয়ে আবার বইয়ের প্রতি আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু কলকাতাই নয়, এই পরিকল্পনার সম্প্রসারণ ঘটবে আসানসোলেও।
পরিকল্পনা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট এলাকায় সাধারণ যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কিছুটা দূরে সাইকেল স্ট্যান্ড তৈরি হবে, সেখান থেকে পরিবেশবান্ধব সাইকেলে যাতায়াত করা যাবে। প্রবীণদের সুবিধার জন্য থাকবে ব্যাটারিচালিত ছোট গাড়ি। একই সঙ্গে ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে বিশেষভাবে নকশা করা ট্রাম চালুর ইচ্ছাও প্রকাশ করেছেন মন্ত্রী। পুরো বইপাড়া সাজানো হবে অক্সফোর্ড স্ট্রিটের আদলে। বইয়ের দোকানগুলিকে একই ধরনের থিমে সাজানো হবে। বসানো হবে ভিন্টেজ ল্যাম্পপোস্ট, বিশ্রামের বেঞ্চ এবং ফ্রি ওয়াই-ফাইয়ের সুবিধা। যাতে তরুণ-তরুণীরা শান্ত পরিবেশে বসে বই পড়তে বা গান শুনতে পারেন।
এই মডেল অনুসরণ করে আসানসোলেও আন্তর্জাতিক মানের একটি পাঠচর্চার পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অগ্নিমিত্রা পালের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণে দামোদর নদ সংলগ্ন ভূতাবেরিয়া থেকে ছটঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকাকে নতুনভাবে সাজানোর ভাবনাও রয়েছে। সেখানে শান্ত, সবুজ ও কোলাহলমুক্ত পরিবেশ তৈরি করা হবে, যার অনুপ্রেরণা থাকবে অক্সফোর্ড স্ট্রিটের নকশা।
মন্ত্রী বলেন, ডিজিটাল যুগে প্রযুক্তির গুরুত্ব থাকলেও বইয়ের বিকল্প কখনও হতে পারে না। তাঁর কথায়, বর্তমান প্রজন্ম মোবাইলের পর্দায় বেশি সময় কাটানোর ফলে বই থেকে দূরে সরে যাচ্ছে। তাই এমন আধুনিক, আকর্ষণীয় ও মনোরম পরিবেশ গড়ে তুলে মানুষকে আবার বই ও গ্রন্থাগারমুখী করাই সরকারের মূল উদ্দেশ্য।







