রাজনীতিরাজ্য

ভোটার তালিকা নিয়ে তুঙ্গে রাজনীতি: মমতার ফর্ম না নেওয়ার দাবি, বিজেপির কটাক্ষ, সিপিএমের অডিও বোমা

বিহারের পর এবার ভোটমুখী পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR)। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে গণনাপত্র বিতরণ শুরু করেছেন। এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হয় বিতর্ক।

বুধবার বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, মুখ্যমন্ত্রী নিজে হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছেন। কিন্তু বৃহস্পতিবার ফেসবুকে সেই খবর নস্যাৎ করে স্পষ্ট অবস্থান জানালেন মমতা। তিনি লিখেছেন, “যতক্ষণ না বাংলার প্রতিটি নাগরিক ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।” পাশাপাশি সংবাদমাধ্যমে প্রচারিত খবরকে “মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” বলেও আখ্যা দেন তিনি।

এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য, “মুখ্যমন্ত্রী যদি এককথার মানুষ হন, তবে সত্যিই ফর্ম ফিলআপ করবেন না। ওঁর বাড়িতে ১৭টি ফর্ম গিয়েছে বলে খবর আমাদের কাছে।”

এদিকে, রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার একটি অডিও রেকর্ডিং প্রকাশ করে নতুন বিতর্ক ছড়ায়। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছেন, ওই অডিওতে এক মহিলা BLO-কে ভয় দেখানোর প্রমাণ রয়েছে। কথোপকথনে এক মহিলা কণ্ঠ শোনা যায় বলতে, “আমাদের পাড়া থেকে কাজ শুরু করেছি।” এরপর এক পুরুষ কণ্ঠ সতর্ক করে বলে, “এই পাগলামি করিস না… তখন বলবি আমার সুরক্ষা নেই।”

রাজ্যের ভোটার তালিকা সংশোধন ঘিরে ইতিমধ্যেই চরম রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। একদিকে সংবিধান হাতে পথে মুখ্যমন্ত্রী, অন্যদিকে বিজেপির ‘সংবিধান রক্ষা যাত্রা’— সব মিলিয়ে ২০২৬ বিধানসভা ভোটের আগেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভোটার তালিকা সংশোধন অভিযান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.