পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুরে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। শহীদ বিপ্লবীদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে রাধামোহনপুর আদর্শ হিন্দুস্থানী ক্লাব আয়োজন করল দিনব্যাপী নানান কর্মসূচি।
বুধবার সকাল থেকেই শুরু হয় রক্তদান শিবির। প্রায় ৭০ জন রক্তদাতা অংশ নেন এই মহতী উদ্যোগে। শুধু রক্তদানেই সীমাবদ্ধ থাকেনি উদ্যোক্তারা—এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল দিনের বিশেষ আকর্ষণ।
স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্বাধীনতার বার্তা এবং শহীদদের ত্যাগের গল্প যেন ছড়িয়ে পড়ে রাধামোহনপুরের প্রতিটি প্রান্তে। উদ্যোক্তাদের মতে, এই আয়োজন প্রতিবছর আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।







