রাজ্য

বারাসত পর্যন্ত ভূগর্ভস্থ মেট্রোর পথে বড় পদক্ষেপ

বারাসত পর্যন্ত মেট্রো চালুর পথ অবশেষে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এতদিন ধরে চলা গুঞ্জন এবার সত্যি করার প্রস্তুতি শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, দ্রুতগতিতে কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কলকাতার সঙ্গে বারাসতের সংযোগে প্রতিদিন হাজার হাজার মানুষ অফিস, স্কুল ও কলেজে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে তাঁদের দাবি ছিল সরাসরি মেট্রো পরিষেবা। সেই দাবি মেনে ২০০২ সালে ঘোষিত হয় বারাসত নোয়াপাড়া মেট্রো প্রকল্প। কিন্তু বিমানবন্দর থেকে মাইকেল নগর পর্যন্ত কাজ এগোলেও, সেখান থেকে বারাসত পর্যন্ত রুট নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

মূল পরিকল্পনা ছিল খালের উপর দিয়ে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম হৃদয়পুর রেলপথের পাশ দিয়ে মেট্রো আনা। কিন্তু পর্যাপ্ত জমি না থাকায় বিকল্প প্রস্তাব উঠে আসে মাইকেল নগর থেকে বারাসত পর্যন্ত সম্পূর্ণ ভূগর্ভস্থ মেট্রো চালু করা।

চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানান, সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ তাঁদের কাছে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছে মাটির পরীক্ষা (সয়েল টেস্ট) করার জন্য। পাঁচটি স্থানে পরীক্ষা হবে, এবং একশো ফুট গভীরে চলবে এই ভূগর্ভস্থ মেট্রো। তাঁর আশা, ২০৩০ সালের মধ্যেই প্রকল্প শেষ হবে। আপাতত মাইকেল নগর পর্যন্ত পরিষেবা চালুর প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.