দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরছেন বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বাংলা সিনেমায় ‘ফেলুদা’ চরিত্রে তাঁর জনপ্রিয়তা আজও অটুট। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘দেবী চৌধুরানী’ ছবিতে। সেই ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেও পরে সুস্থ হয়ে কাজ শেষ করেন তিনি। এবার দর্শক তাঁকে দেখতে পাবেন হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩’-এ।
এই সিরিজে সব্যসাচী চক্রবর্তী অভিনয় করছেন দিগ্বিজয় সিংহ নামে এক অভিজ্ঞ ও প্রখর বুদ্ধিসম্পন্ন আইনজীবীর চরিত্রে। পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। দীর্ঘদিনের বন্ধুত্বের সূত্রেই এই প্রজেক্টে যুক্ত হয়েছেন সব্যসাচী। একইসঙ্গে দীর্ঘ অসুস্থতার পর অভিনয়ে ফিরছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তীও। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অভিষেক বসু, ইশা সাহা, খেয়া চট্টোপাধ্যায় এবং দেবরাজ ভট্টাচার্য।
সিরিজের কেন্দ্রীয় চরিত্র অচিন্ত্য আইচ হিসেবে ফের দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। তবে এবারের সিজনে রয়েছে বড় চমক। এতদিন ডিফেন্স আইনজীবীর ভূমিকায় দেখা গেলেও এবার অচিন্ত্যকে দেখা যাবে প্রসিকিউটরের ভূমিকায়। তাঁর প্রতিপক্ষ হবেন সব্যসাচীর অভিনীত দিগ্বিজয় সিংহ, ফলে দুই দক্ষ আইনজীবীর বুদ্ধির লড়াই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী জানিয়েছেন, দিগ্বিজয় সিংহের চরিত্রের জটিলতা এবং চিত্রনাট্যের গভীরতাই তাঁকে কাজটি করতে আগ্রহী করেছে। অন্যদিকে ঋত্বিক চক্রবর্তীর কথায়, প্রতিটি সিজনেই অচিন্ত্য আইচ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তবে এবার লড়াই আরও কঠিন। তাঁর বিশ্বাস, নতুন গল্প, শক্তিশালী চরিত্র এবং আদালতের টানটান সংঘাত দর্শকদের কাছে এই সিজনকে আরও উপভোগ্য করে তুলবে।







