দেশবিদেশ

স্বাধীনতা দিবসে বন্ধুত্বের বার্তা, বাস্তবে শুল্কযুদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্কযুদ্ধ তুঙ্গে। সেই আবহাওয়ায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত-মার্কিন সম্পর্ক। একদিকে স্বাধীনতা দিবসের বার্তায় সহযোগিতা ও বন্ধুত্বের সুর তুললেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অন্যদিকে রুশ তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার স্বাধীনতা দিবসে রুবিও ভারত-আমেরিকা সম্পর্ককে ‘ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী’ বলে বার্তা দেন। তিনি জানান, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত এবং প্রাচীনতম গণতন্ত্র আমেরিকা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে দাঁড়াবে। শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক গঠনের স্বপ্নও দুই দেশের অভিন্ন। উদীয়মান প্রযুক্তি থেকে মহাকাশ গবেষণা— নানা ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের বার্তা দেন তিনি।
তবে সম্প্রীতির সুরের আড়ালেই চলছে কূটনৈতিক চাপানউতোর। রুশ তেল কেনা বন্ধ না করায় ভারতীয় আমদানির উপর ৫০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন ট্রাম্প। এই পদক্ষেপকে ভারত সরকার ‘অন্যায়, অযৌক্তিক ও অবাস্তব’ বলে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে।

পাশাপাশি ট্রাম্প দাবি করেন, পুতিনকে শান্তি বৈঠকে বসানোর জন্যই ভারতের উপর এই শুল্ক আরোপ করা হয়েছে। আলাস্কা বৈঠকের আগে দিল্লির উপর ওয়াশিংটনের চাপ তৈরি করাটাই আসল লক্ষ্য বলে মনে করছে বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর। সেই হামলার পর ভারত তার উত্তর দেয় অপারেশন সিঁদুরের মাধ্যমে। ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে চেয়েছিলেন ট্রাম্প। তবে নয়াদিল্লি তা সরাসরি খারিজ করে দেয়। কূটনৈতিক মহলের ধারণা, দিল্লির এই কঠোর অবস্থানই মার্কিন প্রেসিডেন্টকে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে উসকে দিয়েছে। যার ফলে রুবিওর মুখে সহযোগিতা ও সম্প্রীতির বার্তা শোনালেও দুই দেশের সম্পর্কে এখন স্পষ্ট দ্বৈত সুর। বিশেষজ্ঞদের মতে, এটাই আসলে আমেরিকার বাস্তব কূটনীতি— এক হাতে বন্ধুত্বের প্রস্তাব, অন্য হাতে চাপ সৃষ্টির খেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.