মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতা (পুরুষ) পুরস্কার জিতে নিলেন অভিষেক বচ্চন। ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই সম্মান পান তিনি। ছেলের সাফল্যে আপ্লুত বাবা অমিতাভ বচ্চন নিজের ব্লগে লিখলেন আবেগঘন নোট, যেখানে অভিষেককে তিনি অভিহিত করেছেন পরিবারের গর্ব ও সম্মান হিসেবে।
নিজেকে ভীষণ গর্বিত বাবা আখ্যা দিয়ে অমিতাভ জানান,”জয়ের আনন্দ যেমন অনন্য, তেমনই এই পুরস্কার আমার কাছে অমূল্য। অভিষেক, তুমি আমাদের পরিবারের পতাকা আরও উঁচুতে তুলেছ। কঠোর পরিশ্রম আর অবিচল মানসিকতায় বিশ্বকে নিজের যোগ্যতা প্রমাণ করেছ। একজন বাবার কাছে এর চেয়ে বড়ো পুরস্কার আর কিছু হতে পারে না।” তিনি আরও লিখেছেন,”আমি বিশ্বের সবচেয়ে সুখী বাবা। তুমি ধারাবাহিকতা আর অধ্যবসায়ের প্রতীক। যতবারই প্রতিকূলতা এসেছে, তুমি নিজের প্রচেষ্টায় তা জয় করেছ।”
অমিতাভ নিয়মিতই ছেলের কাজের প্রশংসা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। সম্প্রতি ‘কালীধর লাপাতা’ ছবির প্রশংসায় ভরে উঠেছিল তাঁর লেখা। সেই ছবিতে অভিষেক অভিনয় করেছিলেন স্মৃতিশক্তি হারানো এক মধ্যবয়সী মানুষ কালীধরের চরিত্রে। ছবিটি বর্তমানে জি ফাইভে স্ট্রিমিং হচ্ছে। অন্য দিকে, অমিতাভ এখন ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৭-এর সঞ্চালনায় ব্যস্ত। তাঁকে শেষ দেখা গিয়েছিল তামিল পরিচালক টিজে জ্ঞানভেলের ‘ভেট্টাইয়াঁ’ ছবিতে, যা রজনীকান্ত, ফাহাদ ফাসিল ও রানা দাগ্গুবাতির মতো অভিনেতাদের সঙ্গে তাঁর তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেকের সাক্ষী। অভিষেকের এই আন্তর্জাতিক সম্মান শুধু বচ্চন পরিবার নয়, ভক্তদের কাছেও এক গর্বের মুহূর্ত হয়ে রইল।






