রাজ্যে ফের একবার জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রসঙ্গ তুলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, “মেন্টাল হেল্থ সার্ভের নামে গোপনে এনআরসি-র কাজ করছে কল্যাণী এমস।”
মমতার দাবি, বিজেপি নানান সংস্থা ও এজেন্সিকে হাতিয়ার করে বাংলায় এনআরসি চালু করার চেষ্টা চালাচ্ছে। তাই সতর্ক করে তিনি বলেন, যদি কেউ সার্ভের নামে তথ্য চাইতে আসে, রাজ্য সরকারের সঙ্গে মিলিয়ে নেবেন। শুধু সরকারি আধিকারিকদের কাছে তথ্য দেবেন। নাম না করেই বিজেপিকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, ” মেন্টাল হেল্থের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা! সরাসরি দলের হয়ে করুক না। লোক নেই বলে”
এ নিয়ে জোর বিতর্ক শুরু হলে কল্যাণী এমসের তরফে পরিষ্কার জানানো হয়, এটি কোনও এনআরসি সার্ভে নয়। প্রতিষ্ঠানটির ডিরেক্টর রামজী সিংহ জানান, “এই সমীক্ষা শুধু বাংলায় নয়, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে। উদ্দেশ্য একটাই সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। ” তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত ডিরেক্টরকে জানিয়েই এই কাজ করা হচ্ছে।







