রাজনীতি

‘কেবল বিরোধী নয়, বিজেপির শরিকদেরও ঘ্যাচাং ফু করবে এই বিল’- খোঁচা মহুয়ার

নয়া দিল্লি: লোকসভায় পেশ হতে চলেছে ১৩০ তম সংবিধান সংশোধনী বিল। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় এই বিল পেশ করবেন। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি কোনও গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে যান এবং ৩০ দিন টানা হেফাজতে থাকেন, তবে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে পদচ্যুত করা হবে।

এই প্রস্তাব সামনে আসতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। বিরোধীরা অভিযোগ তুলেছেন, এই বিল আসলে কেন্দ্রীয় সরকারের একাধিপত্য কায়েম করার চেষ্টা।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন, “এটা রাজ্য সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা। গণতন্ত্রে নির্বাচিত সরকারকে দুর্বল করার ছক।”

অন্যদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আরও কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “এটা শুধু বিরোধীদের অধিকার খর্ব নয়, বিজেপির শরিক দলগুলোকেও শাসনে রাখার হাতিয়ার। মোদী-অমিত শাহর কথা না শুনলেই ঘ্যাচাং ফু!”

মহুয়ার অভিযোগ, এই বিল আসলে সংবিধান ও বিচারব্যবস্থাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা। তাঁর কথায়, “সংবিধান বলছে, সাত বছরের বেশি সাজা হলে আদালত দোষী সাব্যস্ত করলে তবেই সরানো যাবে। কিন্তু এখানে কেন্দ্র নিজের সংস্থা দিয়ে গ্রেফতার করেই মন্ত্রীদের ৩০ দিনের মধ্যে হটিয়ে দিচ্ছে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত।”

তিনি উদাহরণ টেনে বলেন, দিল্লির প্রাক্তন মন্ত্রী সতেন্দ্র জৈনকে চার বছর জেলে থাকতে হয়েছিল, অথচ শেষে সিবিআই-ই জানায় কোনও প্রমাণ নেই। মহুয়ার কথায়, “আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কনভিকশন রেট মাত্র ১ শতাংশ। অথচ এই বিলের মাধ্যমে যে কাউকে ফাঁসানো সম্ভব।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বিল কার্যকর হলে রাজ্য সরকারগুলির স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় শাসক শিবিরের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং দুর্নীতি আটকাতে এই পদক্ষেপ জরুরি।

এখন নজর সংসদে—১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ হলে বিরোধী শিবিরে নতুন রাজনৈতিক লড়াই যে শুরু হবে, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.