বিনোদন

নিউইয়র্ক টাইমস্কোয়ারে পুজোর গান, ঋতুপর্ণার প্রযোজনায় শ্রীময়ীর বিশেষ অভিজ্ঞতা

শারদ উৎসবকে সামনে রেখেই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর প্রযোজনা সংস্থা ভাবনা আজ ও কাল সম্প্রতি শেষ করল পুজো স্পেশাল গানের শুটিং। এই বিশেষ গানের অন্যতম মুখ টলিপাড়ার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জানান, এই গানটি নাকি প্রদর্শিত হতে চলেছে নিউইয়র্কের টাইমস্কোয়ারে।

ঋতুপর্ণার সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পেয়ে শ্রীময়ী দারুণ আপ্লুত। পোস্টে তিনি লিখেছেন,”নিউইয়র্কে টাইমস্কোয়ারে দুর্গাপূজা।ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনায়, ফালাক দার পরিচালনায় হই হুল্লোর করে, একটা ফাটাফাটি পূজোর গানে শুটিং করলাম। আমি ঋতুপর্ণা সেনগুপ্ত কে যতই দেখছি ততই অবাক হচ্ছি, এবং অনেক কিছু শিখছি। আমি ভাবি এখন চারপাশে দেখা যায় মানুষ অল্প দিনে কাজ করে, নিজেদেরকে নিয়ে নানানরকম কত বড় বড় কথাবার্তা বলে, ফ্যান্টাসিতে থাকে ,স্টারডাম দেখায়, নিজেদেরকে স্টার ভাবতে শুরু করে, নিজের পিঠ নিজেই চাপড়ায়। নিজেদেরই কত ফ্যান বেস তৈরি করে নিজেদের প্রমোশন করে।আমি ঋতুদির সাথে প্রথম কাজ করছি, অন্য সময় আড্ডা মেরেছি, মনের কথোপকথন শেয়ার করেছি, আমাকে যখন ঋতুদি কাজের অফারটা করে, আমি তখন খুব টেনশনে ছিলাম। আমি ভাবছিলাম ঋতুদি ফ্লোরে কেমন হবে। আর ঋতুদির অভিনয় নিয়ে কথা বলার সাহস আমার নেই,কি ভয়ংকর সাংঘাতিক অভিনেত্রী তার ঋতুদির সিনেমা গুলো কথা বলে।সেই ভয় নিয়েই শুটিং- এ পৌঁছলাম। প্রথম থেকে বলাটাই দরকার, লেখাটা একটু বড় হবে, কোনোটা বাড়িয়ে বলছি না, এটাই ঘটনা। মেকআপ ভ্যানে বসে যখন রেডি হচ্ছি, তখনো আমি একাই রেডি হচ্ছিলাম, কারণ বাকিদের কলটাইম পরের দিকে ছিল, লাঞ্চটাইমে ঋতুদির ছায়াসঙ্গিনী পিয়ালী এল,এবং দেখলাম একটা প্লেটে আমার জন্য ভাত, ইলিশ মাছ, ভেটকি মাছ, আলু ভাজা, আলু সেদ্ধ সুন্দর করে সাজিয়ে বলল ঋতুদি তোমার জন্য পাঠিয়েছে। আমি প্রথমেই অবাক হয়ে গেলাম। ঋতুদির আগের দিন ১০২ জ্বর ছিল, গলা ব্যথা ,গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। সেই অসুস্থতা নিয়ে আমাদের কলটাইমের অনেক আগে পৌঁছে সকাল থেকে শুটিং করছে, তার ওপর অতগুলো চেঞ্জ।”

এই শুটিংয়ে চৈতি ঘোষালের সঙ্গেও প্রথমবার কাজ করেছেন শ্রীময়ী। পুরো টিমের সৌজন্য, আন্তরিকতা এবং আনন্দঘন পরিবেশে শুটিং শেষ হয়েছে বলে জানান তিনি। অভিনেত্রীর মতে, গানটির শুটিং ছিল নাচ, গান আর উৎসবের আবহে ভরপুর এক স্মরণীয় অভিজ্ঞতা। সব মিলিয়ে, দুর্গাপুজোর আগে দর্শকদের জন্য আসতে চলেছে এক বিশেষ উপহার। ঋতুপর্ণা সেনগুপ্তের প্রযোজনা সংস্থার এই পুজো স্পেশাল গান বাংলা সিনেমার পরিসর ছাড়িয়ে এবার বিশ্বমঞ্চে পৌঁছে দেবে বাঙালির উৎসবের উচ্ছ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.