নিজস্ব সংবাদদাতা: অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। জানা গিয়েছে, চলন্ত ট্রেন থেকে কাপলিং খুলে আলাদা হয়ে যায় ইঞ্জিন ও দুটো বগি। বেশ কিছুদূর এগিয়ে যায় ইঞ্জিন সহ বগি দুটি। পিছনে পড়েছিল বাকি ট্রেন। সেই সময় ট্রেনের ভেতরে ঘুমিয়ে ছিলেন যাত্রীরা। ঝাঁকুনি দিয়ে থেমে যাওয়া ছাড়া তারা কিছুই টের পাননি।
ইঞ্জিন থেকে আলাদা হয়ে লাইনে পড়ে থাকা বাকি ট্রেনটি কিছুক্ষণ পর নজরে আসে ট্রেনের গার্ডের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের আধিকারিকদের।
শনিবার রাত ১.০৫ নাগাদ ঘটনাটি ঘটে নেকুরসেনি স্টেশনের কাছে। তবে ঘটনায় হতাহতের কোন খবর নেই।
রেল সূত্রে খবর, বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় রেল আধিকারিররা। তবে কাপলিং খুলে যাওয়া ওই দুটি বগিকে মেরামত করা সম্ভবপর না হওয়ায় নতুন করে দুটি বগি নিয়ে এসে লাগানো হয় ট্রেনের সঙ্গে। পুরনো কম্পার্টমেন্ট থেকে যাত্রীদের নামিয়ে নতুন বগিতে তুলে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর নেকুরসেনি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। যদিও যাত্রীদের একাংশের দাবি প্রায় ঘণ্টা পাঁচেকের বেশি সময় তাঁরা আটকে ছিলেন।






