রাজ্যের উচ্চশিক্ষা সংক্রান্ত জট অবশেষে খানিকটা কাটল। সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত করা হল দুই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপিকা সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রাজ্যের প্রস্তাবিত প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে শীর্ষ আদালত।
শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন নির্বাচনী কমিটি জানায়, রাজ্যের বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়েও শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গিয়েছে, রাজ্যের মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টির উপাচার্য ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তবে বাকি থাকা ১৭টি বিশ্ববিদ্যালয় – যার মধ্যে যাদবপুর, কলকাতা ও রবীন্দ্রভারতীর মতো প্রতিষ্ঠানের নাম রয়েছে – সেগুলির নিয়োগ প্রক্রিয়া নিয়েই মূল সমস্যার সূত্রপাত।
এই ১৭টি বিশ্ববিদ্যালয়ের জন্য রাজ্য সরকারের প্রস্তাবিত নামগুলিকে কেন্দ্র করে আপত্তি জানান রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। যদিও পূর্ববর্তী ১৯টি নিয়োগে রাজ্যের প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন তিনি, এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
সুপ্রিম কোর্ট প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বললেও, পরে বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠন করে। সেই সার্চ কমিটির রিপোর্টের ভিত্তিতেই শুক্রবারের রায় অনুযায়ী দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিশ্চিত করা হল।
এই নির্দেশের ফলে দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক অনিশ্চয়তায় খানিকটা আলোর সঞ্চার হল বলেই মনে করা হচ্ছে।







