রাজ্য

স্বাস্থ্যসাথী কার্ডে এবার নিখরচায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, উপকৃত হবেন হাজারো মানুষ

বাংলার মানুষের স্বাস্থ্যসুরক্ষার স্বার্থে রাজ্য সরকার চালু করেছিল ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের বাসিন্দারা সরকারি ও নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন। এখন সেই পরিষেবায় যুক্ত হল আরও একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট।

রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এখন থেকে রাজ্যের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডধারীরা সম্পূর্ণ বিনামূল্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে পারবেন। এর ফলে যে সমস্ত পরিবার এতদিন খরচের ভার বহন করতে পারছিলেন না, তাঁদের কাছে এটি আশার আলো হয়ে উঠবে।

বর্তমানে রাজ্যে ৯টি হাসপাতালে এই জটিল ট্রান্সপ্লান্ট হয়ে থাকে, যার মধ্যে ২টি সরকারি। এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল ২০০৯ সালে প্রথম এই চিকিৎসা শুরু করে। পরে ২০১১ সালে কলকাতা মেডিক্যাল কলেজেও চালু হয় হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে এই বিশেষ ট্রান্সপ্লান্ট।

বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার খরচ ৮ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছায়, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। তাই এনআরএস হাসপাতাল স্বাস্থ্যসাথী প্রকল্পে এই চিকিৎসা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়, যা সরকার গ্রহণ করেছে।

সরকারি হিসেব অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে এনআরএস-এ ৬০ জন রোগীর এই চিকিৎসা করা হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বহু সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.