তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং প্রয়াত তিলোত্তমার মা-বাবাকে ঘিরে তীব্র আইনি ও রাজনৈতিক দ্বন্দ্ব। বুধবার কুণাল ঘোষ তিলোত্তমার মা-বাবাকে মানহানির নোটিস পাঠান। কিন্তু পাল্টা সুর চড়িয়ে তিলোত্তমার মা সরাসরি অভিযোগ করেন, কুণাল ঘোষ নাকি তাঁদের টাকা দিয়ে রফা করার প্রস্তাব দিয়েছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিলোত্তমার মা বলেন, “উনি টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আমাদের বাড়িতে আসেননি, তবে বলেছিলেন, এত টাকা দিচ্ছি, মিটিয়ে নিন।” শুধু তাই নয়, তিলোত্তমার বাবা সাংবাদিকদের সামনে নিজের ফোনে কুণাল ঘোষের নাম লেখা একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও দেখান। তাঁর দাবি, কুণাল ঘোষ প্রায়ই ফোন করতেন, মেসেজ পাঠাতেন এবং নানা পরামর্শ দিতেন। যদিও টাকা সংক্রান্ত অভিযোগের অডিও রেকর্ড তাঁদের কাছে নেই, কারণ কথোপকথন হয়েছিল হোয়াটসঅ্যাপ কলে।
তিলোত্তমার মা বলেন, “আমাদের একমাত্র মেয়ে নেই। আমাদের চোখের জল তিনি দেখেননি। কী কী কথা বলেছেন, তার কোনো ধারণাই নেই। ওঁর মান নেই, ওঁর হানি হয়েছে কি না জানি না।”
অন্যদিকে, তিলোত্তমার বাবা দাবি করেন, কুণাল ঘোষ তাঁকে একাধিক ভিডিও পাঠিয়েছিলেন। তিনি সাংবাদিকদের দেখিয়েও বলেন, “এই ভিডিয়োটা দেখিয়ে ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে আমি ব্লক করে দিই, কারণ আর ওঁর জ্ঞান শুনতে চাইনি।”
এই সমস্ত অভিযোগের জবাবে কুণাল ঘোষ জানান, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এতদিন বাদে এইসব কথা বলছেন কেন? আমি তিলোত্তমার বাবাকে বলছি—সমন যাবে, কোর্টে এসে সব প্রমাণ দিন। সাংবাদিকদের সামনে প্রিন্ট আউট করে দিন। আমি যা লিখেছি, মানুষ দেখে বুঝবেন কুণাল ঘোষ লিখতে পারে। আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে নিজের ইমেজ বিল্ড করতে চাইনি।”
তিলোত্তমা কাণ্ড ঘিরে আগে থেকেই রাজ্যে রাজনৈতিক তরজার আবহ। এবার কুণাল ঘোষের মানহানির নোটিস এবং পাল্টা অভিযোগে সেই বিতর্ক আরও তীব্র আকার নিল।







