বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার ফের চর্চায় অক্ষয় কুমার। আইনী জটিলতার সম্মুখীন হলেন বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি জনসমক্ষে এসেছে‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘জলি এলএলবি ৩’এর ঝলক। জানা গিয়েছে, চব্বিশ সালের মে মাসে শুটিং শুরু হয়েছিল এই ছবির। এবং তখন থেকেই আইনী জটিলতার মুখে পড়েছিলেন অভিনেতারা। আবার আইনী জটিলতার পুনরাবৃত্তি ঘটল। দেশের বিচারব্যবস্থাকে অপমান করার অভিযোগ উঠল অক্ষয় কুমার, আরশাদ ওয়ার্সি ও পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে।
সূত্রের খবর, এর আগে ছবির শুটিং বন্ধ করার জন্য আজমেঢ় আদালতে আর্জি জানিয়ে ছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। এবার ছবির বিরুদ্ধে অভিযোগ পিটিশন দাখিল করলেন পুণের এক আইনজীবী ওয়াজেদ রহিম খান। তাঁর অভিযোগ, এই সিনেমায় দেশের বিচারব্যবস্থাকে অপমান করা হয়েছে। এবং এই মামলার ভিত্তিতেই ছবির অভিনেতা ও পরিচালককে আদালতের তরফে থেকে সমন জানানো হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় পরিচালক সুভাষ কাপুর, অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসিকে হাজিরা দিতে হবে। সূত্রের খবর, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।
মামলাকারী আইনজীবীর অভিযোগ,“দেশের আইনজীবীদের নূন্যতম শ্রদ্ধা করা হয়নি এই ছবিতে। আর সেই অভিযোগ করেই আমি পুণে আদালতে পিটিশন দাখিল করেছি। যার ভিত্তিতে কোর্টের তরফে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি এবং পরিচালককে সমন পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়েছে।”







