আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী অবশেষে জামিনে মুক্তি পেলেন। বুধবার রাতে তাঁকে সহ আরও ৮৪ জনকে গ্রেফতার করে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট এবং রাস্তা অবরোধের অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল।
গ্রেফতারের পর নওশাদকে রাখা হয় জোড়াসাঁকো থানায়, আর অন্য কর্মীদের সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায়। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হলে বিপুল সংখ্যক আইএসএফ সমর্থক আদালত চত্বরে জড়ো হয়ে মুক্তির দাবিতে স্লোগান তোলেন।
আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, ধৃতদের মধ্যে বহু শিক্ষক, আইনজীবী এবং সরকারি দফতরের কর্মী রয়েছেন। এমনকি বিদ্যুৎ দফতরের দুই ইঞ্জিনিয়ারও ধৃতদের তালিকায় আছেন। তিনি দাবি করেন, সমর্থকরা ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখনই পুলিশ আক্রমণ চালায়। জামা-কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগও ওঠে পুলিশের বিরুদ্ধে।
শর্তসাপেক্ষে প্রথমে প্রত্যেককে ৫০০ টাকার বন্ডে জামিন দেওয়া হলেও পরে আদালত সেই বন্ড মকুব করে দেয়।
নওশাদ মুক্তি পাওয়ার পর আদালতের বাইরে তাঁর সমর্থকদের উল্লাস ধরা পড়ে। তাঁরা অভিযোগ করেন, বিধায়ককে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। তবে সব পুলিশকর্মী নয়, কিছু নির্দিষ্ট ব্যক্তিই গুণ্ডামি করেছে বলে দাবি সমর্থকদের। আপাতত শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ, পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে।







