সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক তরুণীর টানে ভিন রাজ্যে ছুটে গিয়েছিলেন রেওয়ার এক যুবক। উদ্দেশ্য ছিল কিছুটা সময় একান্তে কাটানো। কিন্তু সেই ভালোবাসার টানই তাঁর জীবনে নিয়ে এল ভয়াবহ অভিজ্ঞতা। বান্ধবীর বাড়িতে পৌঁছতেই যুবককে বেধড়ক মারধরের মুখে পড়তে হয়। বাড়ির উঠোনেই তাঁকে খুঁটিতে বেঁধে টানা প্রায় ১৩ ঘণ্টা ধরে নির্যাতন করা হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৌগঞ্জের পিপরাহি গ্রামে। পুলিশ সূত্রে খবর, রেওয়া জেলার বাসিন্দা ওই যুবক প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছনোর পরই মেয়েটির পরিবার তাঁকে হাতেনাতে ধরে ফেলে এবং রাতভর নৃশংস মারধর চালায়। শনিবার রাত ৯টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত যুবককে খুঁটিতে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।
তদন্তে উঠে এসেছে আরও একটি তথ্য—যুবকের যাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, তিনি আসলে নাবালিকা। ফেসবুকেই তাদের আলাপ হয়েছিল এবং ধীরে ধীরে তা বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয়। সামনাসামনি দেখা করার ইচ্ছেতেই তিনি ওই গ্রামে গিয়েছিলেন। যদিও এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া মাত্র পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের সিধি জেলায় ঘটেছিল আরেকটি ভয়ঙ্কর ঘটনা। সেখানে এক দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। হবু বরের সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়তেই চার দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে। হবু বরকে মারধর করে এলাকা ছেড়ে পালাতে বাধ্য করা হয় এবং তরুণীকে ধর্ষণ করা হয়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।







