বাবার যৌন নির্যাতনের অভিযোগে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল বড় মেয়ে। এরপর বাড়িতে থাকা ১৩ বছরের ছোট মেয়েকেও একইভাবে নির্যাতনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মাসের পর মাস চলেছে সেই অত্যাচার। শেষ পর্যন্ত বড় মেয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বারুইপুর এলাকায় থাকতেন অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিজের বড় মেয়েকে যৌন হেনস্তা করেন তিনি। সেই ঘটনার পর বাড়ি ছেড়ে চলে যান বড় মেয়ে। এরপরই ১৩ বছরের ছোট মেয়ের উপর যৌন নির্যাতন শুরু করেন অভিযুক্ত। দীর্ঘ কয়েক মাস ধরে চলতে থাকে সেই নির্যাতন।
প্রথমদিকে কাউকে বিষয়টি জানায়নি নাবালিকা। পরে ফোনে দিদিকে গোটা ঘটনার কথা জানায় সে। এরপর দুই বোন মিলে মাকে বিষয়টি জানান। কিন্তু অভিযোগ, মা সেই ঘটনায় গুরুত্ব দিতে চাননি। পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত ১০০ নম্বরে ফোন করে বাবার বিরুদ্ধে অভিযোগ জানান বড় মেয়ে।
তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বারুইপুর মহিলা থানার পুলিশ। কুলপি রোড এলাকা থেকে অভিযুক্ত ফেরিওয়ালাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবারই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।







