রাজনীতিরাজ্য

বাঙালিদের উপর ‘চলমান আক্রমণ’-এর প্রতিবাদে ১৬ জুলাই রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর লাগাতার হেনস্থা, বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদে এবার সরাসরি পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ জুলাই, মঙ্গলবার, কলকাতার রাজপথে অনুষ্ঠিত হতে চলেছে এক প্রতিবাদী মিছিল, যার নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী নিজে।

দুপুর ১টা— কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিস্তৃত এই প্রতিবাদ যাত্রায় অংশ নেবেন হাওড়া, ভাঙড়, দমদম এবং সল্টলেক সহ আশপাশের বহু তৃণমূল কর্মী, সমর্থক এবং নেতা-নেত্রীরা।

এদিন রাজ্যের প্রতিটি জেলাতেও দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত পালিত হবে সমবেত প্রতিবাদ কর্মসূচি। এমনকি দিল্লিতেও হবে প্রতীকী বিক্ষোভ।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন। তাঁর কথায়, “বাংলা বললেই আজ ভিনরাজ্যে বিদ্যুৎ, জল কেটে দেওয়া হচ্ছে। শুধু ভাষার জন্য এই অবমাননা চলতে পারে না। মুখ্যমন্ত্রী নিজে এই অবিচারের বিরুদ্ধে রাস্তায় নামছেন, এটা বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই।”

প্রসঙ্গত, সম্প্রতি একাধিক অভিযোগ উঠেছে— উত্তর ভারত ও পশ্চিম ভারত সহ বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। শুধু ভাষার পরিচয়ে বাঙালি পরিবারগুলিকে নিশানা করা হচ্ছে, এমনকি বাসস্থান থেকে জোর করে উচ্ছেদের ঘটনাও ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সেই প্রতিবাদ রূপ নিচ্ছে বৃহত্তর আন্দোলনে।

তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা— “বাংলা ও বাঙালির সম্মান রক্ষায় আমরা আপস করব না। রাস্তায় নেমে প্রতিবাদ করব, দরকার হলে লড়াই করব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.