রাজনীতি

তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিককে ‘চাবিওয়ালা’ বলে কটাক্ষ তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ মমতাবালার

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা ঘিরে উত্তাল হয়ে উঠল বনগাঁ সাংগঠনিক জেলা। গোবরডাঙা পুরসভার টাউনহলে আয়োজিত এক কর্মিসভায় রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের শীর্ষ নেত্রী মমতাবালা ঠাকুরের মন্তব্য ঘিরে দলের অন্দরেই শুরু হয়েছে বিতর্কের ঝড়।

সভা মঞ্চে দাঁড়িয়ে সাংসদ মমতাবালা ঠাকুর সোজাসাপটা বলেন,
“পার্থ ভৌমিক ওখান থেকে চাবি ঘোড়াবে, আর এখানে মিটিং হবে, সেই মিটিংয়ে আমি থাকব না।”
এই বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে শাসক শিবিরে দেখা দিয়েছে প্রবল অস্বস্তি।

কোথা থেকে সূত্রপাত বিবাদের?
বিশ্বজিৎ দাস বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম যে বৈঠকটি ডাকেন, সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি মমতাবালা ঠাকুর। তিনি জানান, দিল্লিতে থাকায় সময় দেওয়া সম্ভব নয় বলে আগাম জানানো সত্ত্বেও পার্থ ভৌমিকের সঙ্গে আলোচনার ভিত্তিতে বৈঠক সেদিনই করা হয়। সেই প্রসঙ্গেই ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন,
“পার্থ ভৌমিক কী দায়িত্বে আছে, আমি জানি না। বিশ্বজিৎই বা কেন তাকে ফোন করে মিটিং ডাকল, সেটাও অজানা। যদি ও-ই সবকিছু করে, তাহলে আমি এসব মিটিংয়ে থাকব না।”

সভা শেষ হতেই বিক্ষোভ
মমতাবালা ঠাকুরের মন্তব্য শুনেই সভা শেষে উত্তেজিত হয়ে ওঠেন তৃণমূলের একাংশ কর্মী। অভিযোগ, সভাস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে কটূক্তি করা হয়। বিষয়টি নিয়ে মতুয়া মহাসংঘ গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে। সংঘের তরফে তুষারকান্তি বিশ্বাস জানান,
“মমতাবালা ঠাকুরকে অপমানজনক ভাষায় আক্রমণ করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি ও আইনানুগ ব্যবস্থা চেয়ে থানায় অভিযোগ জানিয়েছি।”

কী বলছেন তৃণমূল নেতৃত্ব?
এই ঘটনার পরই মুখ খোলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন,
“মমতাবালা ঠাকুর যে ভাষায় পার্থ ভৌমিক সম্পর্কে মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। ১৯৯৮ সাল থেকে বনগাঁর সঙ্গে পার্থ ভৌমিকের নিবিড় সম্পর্ক। তিনি কখনও নেতাগিরি করেননি, বরং সহযোগী হিসেবেই পাশে থেকেছেন। তাই কর্মীরা তাঁর বিরুদ্ধে কিছু মেনে নিতে পারেনি।”

রাজ্য রাজনীতিতে তৃণমূলের গুরুত্বপূর্ণ দিন ২১ জুলাইয়ের আগে এই ধরনের বিবাদ যে দলের ভাবমূর্তিকে বড়সড় ধাক্কা দিচ্ছে, তা মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরাও। এখন দেখার, নেতৃত্ব এই দমকল পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.