আরজি কর কাণ্ডের এক বছর পার হতে না হতেই ফের অভিযোগে কাঁপল মেডিক্যাল মহল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়া ছাত্রী অভিযোগ করেছেন, তাঁকে মানসিকভাবে নির্যাতন করেছে অপর এক চিকিৎসক পড়ুয়া ছাত্র। হুমকি থেকে শুরু করে কুপ্রস্তাব দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে।
শুক্রবার সন্ধ্যায় এই বিষয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ছাত্রীর বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ছাত্রী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন। অভিযুক্ত ছাত্র কলকাতার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যয়নরত। দু’জনের পরিচয় হয়েছিল কোচিং ক্লাসে। অভিযোগ, সেই সূত্রেই যোগাযোগ বাড়তে থাকলেও পরে ওই ছাত্র নানাভাবে ছাত্রীকে মানসিকভাবে চাপে ফেলতে শুরু করে।
ছাত্রী লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়েছে, এমনকী পথ আটকে হোটেলে থাকার প্রস্তাবও দিয়েছে অভিযুক্ত। ঘটনায় আতঙ্কিত পরিবার বিষয়টি পুলিশকে জানান।
প্রসঙ্গত, গত বছর অগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই ঘটনার এক বছর পূর্ণ হতে না হতেই ফের চিকিৎসক পড়ুয়া ছাত্রীর উপর নির্যাতনের অভিযোগে শোরগোল পড়ে গেল।
পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত চিকিৎসক ছাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।







