খেলাধুলা

নভেম্বরে কেরলে, ডিসেম্বরে কলকাতা–ভারত মাতাতে আসছেন লিওনেল মেসি!

ভারত আবারও হতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকার মঞ্চ। নভেম্বরেই আর্জেন্টিনা দল নিয়ে কেরলে আসছেন লিওনেল মেসি। এরপর ডিসেম্বরে দ্বিতীয়বার ভারতে পা রাখবেন তিনি—তবে সে বার শুধুই ইভেন্টে অংশ নিতে। ফলে মাত্র দু’মাসের ব্যবধানে ভারতীয় দর্শকদের সামনে দু’বার দেখা মিলতে চলেছে ‘ফুটবলের ঈশ্বর’-এর।

২০১১ সালের পর ফের ভারতীয় মাটিতে আর্জেন্টিনা। ১৪ বছর আগে কলকাতায় মেসিকে ঘিরে যে আবেগের ঝড় উঠেছিল, আবারও তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কেরল সরকার দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল একটি প্রীতি ম্যাচ আয়োজনের। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (AFA) শুক্রবার গভীর রাতে আনুষ্ঠানিক ঘোষণা করেছে—১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে কোচির ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে খেলবে আর্জেন্টিনা। যদিও প্রতিপক্ষের নাম এখনও প্রকাশ পায়নি।

মেসি মাঠে নামবেন কি না, সেটা নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপর। তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, তাঁর উপস্থিতি নিশ্চিত করতে আয়োজকেরা সর্বোচ্চ চেষ্টা করবে। কারণ, কেরলে ফুটবল উন্মাদনার মাত্রা বাংলার চেয়ে কোনও অংশে কম নয়—বিশ্বকাপ চলাকালীনই তার প্রমাণ মিলেছিল।

এরপর ডিসেম্বর মাসে আবারও ভারতে আসবেন লিও। কলকাতা, আহমেদাবাদ, দিল্লি এবং মুম্বইয়ে একাধিক বিশেষ ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেই সফরে অবশ্য কোনও ম্যাচ খেলার পরিকল্পনা নেই।

অর্থাৎ ভারতীয় ভক্তদের জন্য এক বিরল সুযোগ—একই বছরে দুইবার মেসি দর্শন! ক্রীড়ামহলের আশা, এই সফরের মাধ্যমে ভারতীয় ফুটবল মানচিত্রে নতুন দিগন্ত খুলে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.