বিনোদন

রূপসা গুহর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘হাউ আর ইউ ফিরোজ’, এক নিঃসঙ্গ শিল্পপ্রেমীর কবিতার মতো গল্প

নতুন যাত্রা শুরু করলেন পরিচালক রূপসা গুহ। তাঁর হাত ধরে আসছে পূর্ণদৈর্ঘ্যের প্রথম সিনেমা ‘হাউ আর ইউ ফিরোজ’। ছবিতে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, রতশ্রী দত্ত, খেয়া চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন, অশোক বিশ্বনাথন, রানা বসু ঠাকুর, বিদ্যুৎ দাস সহ একঝাঁক শিল্পী।

গল্পের কেন্দ্রে রয়েছেন ফিরোজ, একজন প্রাচীন শিল্পকর্ম বিক্রেতা। তাঁর কাছে প্রতিটি শিল্পবস্তু নিছক বস্তু নয়, বরং সময়ের গভীর থেকে উঠে আসা স্মৃতির প্রতিধ্বনি। কৈশোরের ভালোবাসা, বাবা-মায়ের স্নেহ কিংবা হারিয়ে যাওয়া সঙ্গীর ছায়া, সবকিছুর টান তিনি খুঁজে পান শিল্পকর্ম ও পুরনো চিঠির পাতায়। প্রতিটি জিনিস বিক্রি করার সঙ্গে সঙ্গে যেন হারিয়ে যায় তাঁর নিজের এক একটি অংশ। সেই হারিয়ে ফেলার বেদনা থেকে জন্ম নেয় এক নিঃশব্দ সংলাপ, অতীতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। শেষপর্যন্ত শিল্পকর্মই হয়ে ওঠে তাঁর আশ্রয়, আর ধীরে ধীরে সেই আশ্রয়েই মিলিয়ে যেতে থাকেন তিনি।

ছবিটি সম্পর্কে পরিচালক রূপসা গুহ বলেন,”আমার দেখা কলকাতায় একাধিক ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। তাই মুখ্যচরিত্রে একজন পার্সি ভদ্রলোককে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে, আবেগ কখনও কেবল একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকে না।” অভিনেতা আরিয়ান ভৌমিক জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। তাঁর ভাষায়,”ফিরোজ চরিত্রের তরুণ বয়সকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি আমি। চরিত্রটি অত্যন্ত আবেগঘন। কাজের অভিজ্ঞতা এতই গভীর যে কথায় বোঝানো কঠিন। অনেকেই বলছেন ছবিটি যেন কবিতার মতো।” রূপসা গুহর এই ছবিটি শুধুমাত্র এক নিঃসঙ্গ মানুষের গল্প নয়, বরং সময়, স্মৃতি ও শিল্পের ভেতর লুকিয়ে থাকা এক অনন্ত প্রতিধ্বনির অনুসন্ধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.