বলিউডের রুপালি পর্দায় দীর্ঘদিন খলনায়কের চরিত্রে দেখা গেলেও, বাস্তব জীবনে তাঁর নামের পাশে বহু আগেই বসেছে ‘মানবিক নায়ক’ অভিধা। জন্মদিনে সেই সম্মান আরও একবার প্রমাণ করলেন অভিনেতা সোনু সুদ।
বুধবার ৩০ জুলাই, ৫২-তে পা দিলেন এই অভিনেতা। আর সেই বিশেষ দিনেই তিনি উপহার দিলেন এমন একটি উদ্যোগ, যা বহু মানুষের জীবন পাল্টে দিতে চলেছে—একটি অত্যাধুনিক বৃদ্ধাশ্রম, যেখানে ৫০০ জন প্রবীণ নাগরিক এক ছাদের নিচে শান্তি, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবেন।
এই আশ্রমে কেবল থাকার ব্যবস্থাই নয়, বরং প্রবীণদের জন্য নিরবচ্ছিন্ন খাবার, স্বাস্থ্যপরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ভার নিজেই নিয়েছেন সোনু।
বিশেষ করে যাঁদের আর দেখাশোনার কেউ নেই, তাঁদের জন্যই এই স্থায়ী আশ্রয় কেন্দ্র।
সোনুর এই মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লেখেন, “সোনু সুদের এই উদ্যোগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়।”
করোনা অতিমারির সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ, শিক্ষাবঞ্চিত পড়ুয়াদের পাশে দাঁড়ানো—এসব কাহিনি তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছে। বহুজনের চোখে তিনি আজ রিয়েল লাইফ হিরো।
বর্তমানে সোনু কাজ করছেন তাঁর আগামী ছবি ‘ফতেহ’-তে। হিন্দি এবং দক্ষিণী ছবিতে সমান জনপ্রিয় এই অভিনেতা বারবার প্রমাণ করছেন, পর্দার ‘ভিলেন’ হয়তো বাস্তব জীবনের সবচেয়ে বড় ‘নায়ক’ হয়ে উঠতে পারেন।







