এবার মনসা পুজো উপলক্ষেও ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনসা পুজোর দিন বাঁকুড়া ও পুরুলিয়ার সরকারি দফতর এবং স্কুলগুলিতে দুপুর ২টোর পর আর কোনও কাজ হবে না। অর্থাৎ, ওই দিন অর্ধদিবস ছুটি থাকবে। রাজ্য সরকারের তরফে এই প্রথম মনসা পুজোয় ছুটি ঘোষণা করা হল।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী। ১৬ আগস্ট বিকেল ৪টা ৫২ মিনিটে এই তিথির সূচনা হয়েছে এবং ১৭ আগস্ট বিকেল ৫টায় তা শেষ হবে। উদয়া তিথির নিয়ম মেনে চলতি বছর ১৭ আগস্ট নাগপঞ্চমী পালিত হচ্ছে। বহু জায়গাতেই এই দিন মনসাদেবীর আরাধনা করা হয়। পুজোর শুভ সময় ভোর ৬টা ৮ মিনিট থেকে সকাল ৮টা ৩৯ মিনিট পর্যন্ত। তবে কিছু এলাকায় মঙ্গলবারও মনসা পুজো অনুষ্ঠিত হবে।
পুরাণের কাহিনি অনুযায়ী, সর্পদংশনের আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করতে প্রজাপতি ব্রহ্মা ঋষি কশ্যপকে একটি বিশেষ মন্ত্র আবিষ্কারের নির্দেশ দেন। সেই মন্ত্রের সন্ধানে চিন্তামগ্ন থাকার সময় কশ্যপের ‘মননক্রিয়া’ থেকে আবির্ভূত হন স্বর্ণবর্ণের এক দেবী। মন থেকে তাঁর জন্ম হওয়ায় তাঁর নাম হয় ‘মনসা’।
দেবী মনসার জন্মের মতোই তাঁর জীবনকাহিনিও নানা পৌরাণিক আখ্যান ও লোককথায় সমৃদ্ধ। মনসামঙ্গল কাব্যে রয়েছে, চাঁদ সওদাগরের কাছ থেকে পুজো পাওয়ার আকাঙ্ক্ষায় দেবী একের পর এক প্রতিকূলতা সৃষ্টি করেছিলেন। তাঁরই কারণে সর্পদংশনে চাঁদ সওদাগরের পুত্র লখিন্দরের মৃত্যু হয়। পরে বেহুলার অসীম প্রচেষ্টা ও নিষ্ঠায় লখিন্দরের প্রাণ ফিরে আসে। এরপর ধীরে ধীরে মর্ত্যে দেবী হিসেবে প্রতিষ্ঠা পান মনসা।
কিছু আখ্যান আবার মনসাকে তথাকথিত ‘নিকৃষ্ট জীব’-এর দেবী হিসেবে উল্লেখ করেছে। তাঁর স্বর্গে স্থান পাওয়ার সংগ্রামের কথাও বিভিন্ন পুরাণ ও লোককথায় পাওয়া যায়। প্রচলিত কাহিনির একাংশে বলা হয়, শিবের স্ত্রী দেবী চণ্ডী মনসাকে অপছন্দ করতেন। একসময় চণ্ডী তাঁকে নিজের কন্যার স্বীকৃতি দিলেও তাঁদের মধ্যে বিরোধ বারবার সামনে এসেছে। এমনকী সেই বিবাদের জেরেই মনসার একটি চোখ নষ্ট হয়েছিল বলেও কিছু কাহিনিতে উল্লেখ রয়েছে।
আবার অন্য কিছু পুরাণকথায় বলা হয়, মহাদেব নন, ঋষি কশ্যপই দেবী মনসার পিতা। কোথাও তাঁকে শিবের মানসকন্যা বলা হয়েছে, আবার জরৎকারুর স্ত্রী হিসেবেও তাঁর পরিচয় রয়েছে। কথিত আছে, জরৎকারু একসময় মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং স্বামীর সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। আস্তিকমুনিকে মনসার সন্তান হিসেবেও উল্লেখ করা হয়েছে বিভিন্ন পৌরাণিক বর্ণনায়।
বিভিন্ন কাহিনিতে মনসাকে কখনও প্রতিহিংসাপরায়ণ নারী, কখনও আবার আত্মপ্রতিষ্ঠার জন্য লড়াই করা এক শক্তিশালী দেবী হিসেবে তুলে ধরা হয়েছে। চাঁদ সওদাগরের কাছ থেকে বাম হাতে পুজো গ্রহণ করেও নিজের দেবীত্ব প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গিয়েছেন মনসা। নানা বিরোধ, অপমান ও প্রতিকূলতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত মর্ত্যে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।







