রাজনীতি

থালাপথি বিজয়ের ঝড়, বিজেপি বিরোধিতায় নতুন সমীকরণ

২১ অগস্ট, মাদুরাই। দুপুরের প্রচণ্ড গরম, তাপমাত্রা ৪১ ডিগ্রি। অথচ সেই রোদকে উপেক্ষা করে রাস্তায় নেমেছেন অগণিত মানুষ। কারণ, দক্ষিণের সুপারস্টার থালাপথি বিজয়ের রাজনৈতিক সমাবেশ। অনুমান করা হচ্ছে, উপস্থিতি ১০ লক্ষ ছাড়িয়েছে যা সাম্প্রতিক কালে ভারতের সবচেয়ে বড় জনসমাবেশগুলির মধ্যে একটি।

দক্ষিণ ভারতের রাজনীতিতে চলচ্চিত্র জগতের তারকাদের প্রভাব দীর্ঘদিনের। এম.জি. রামচন্দ্রন, জয়ললিতা, বিজয়াকান্তের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি দর্শকদের কাছে ‘থালাপথি’ নামেই জনপ্রিয়।

তবে এ পথে বিজয়ের যাত্রা নতুন নয়। ২০০৯ সালে তিনি গড়ে তোলেন ‘বিজয় মাক্কাল ইয়াক্কম ‘ (BMI) একটি সামাজিক সংগঠন, যা শিক্ষার সুযোগ থেকে শুরু করে নানান কল্যাণমূলক কাজে যুক্ত ছিল। এই সংগঠনের সমর্থিত প্রার্থীরাই ২০২১ সালের স্থানীয় নির্বাচনে অপ্রত্যাশিতভাবে সাফল্য অর্জন করে। এরপরই শুরু হয় পূর্ণাঙ্গ রাজনৈতিক দলের প্রস্তুতি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজয় ঘোষণা করেন তাঁর দল তামিলাগা ভেত্রি কাজাগম । তখনই তিনি স্পষ্ট করেন, হাতে থাকা শেষ দুটি ছবি শেষ করেই পুরোপুরি রাজনীতিতে মন দেবেন। মাদুরাইয়ের সমাবেশ থেকে বিজয় দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হবেন।

বিজেপি বিরোধিতাকে তিনি তাঁর প্রধান রাজনৈতিক লক্ষ্য হিসেবে দেখছেন। ডিএমকের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা থাকবে বলে জানিয়েছেন বিজয়। তবে বিশ্লেষকদের মতে, এআইএডিএমকে ক্রমশ গুরুত্ব হারাচ্ছে, আর বিজেপি কার্যত প্রান্তিক শক্তি। ফলে আগামী নির্বাচনে মূল লড়াই হতে চলেছে টিভিকে বনাম ডিএমকে।

রাজনৈতিক মহল মনে করছে, বিজয়ের এই উত্থান শুধু তামিলনাড়ুতেই নয়, গোটা দক্ষিণ ভারতের রাজনীতিতেই প্রভাব ফেলতে পারে। তাঁর কথায়, “সত্যের জয় সর্বত্র নিশ্চিত।” এখন দেখার, ৯ মাস পরের বিধানসভা ভোটে তিনি কতটা সফলভাবে বিজেপি-বিরোধী জনমতকে কাজে লাগাতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.