বলিউডে বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেতা কার্তিক আরিয়ান। ‘ভুলভুলাইয়া ৩’-এর সাফল্যের পর থেকে যেন নতুন উচ্চতায় পৌঁছেছেন তিনি। একের পর এক ভিন্ন ঘরানার ছবিতে কাজ করে নিজের কেরিয়ারকে আরও মজবুত করছেন এই অভিনেতা।
২০২৬ সালেই মুক্তি পাবে কার্তিক অভিনীত দুটি বহুল প্রতীক্ষিত ছবি সমীর বিদ্বানস পরিচালিত ‘তু মেরি মেঁ তেরা, মেঁ তেরা তু মেরি’ এবং অনুরাগ বসুর নামহীন এক প্রেমকাহিনি। এর পর তিনি নাম লেখাবেন ‘নাগজিলা’-তে, যা পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বা। একই বছর মার্চে শুরু হবে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র শুটিং, যেখানে কার্তিককে দেখা যাবে এক এয়ারফোর্স অফিসারের ভূমিকায়। শিমিত আমিন পরিচালিত এই ছবি তৈরি হচ্ছে সত্য ঘটনার প্রেক্ষাপটে এবং শুটিং হবে ভারত ও মরক্কোতে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের প্রথমার্ধে ছবিটি প্রেক্ষাগৃহে পৌঁছবে।
এরই মাঝে সামনে এলো নতুন খবর, কার্তিক আরিয়ান নাকি আলোচনায় রয়েছেন ‘শেরশাহ’ খ্যাত পরিচালক বিষ্ণুবর্ধনের সঙ্গে। জানা গেছে, বিষ্ণুবর্ধন একটি বিশেষ জোম্বি-ভিত্তিক চিত্রনাট্য লিখেছেন, যা কার্তিকের কাছে ভীষণ আকর্ষণীয় মনে হয়েছে। যদি সব ঠিক থাকে, তবে ২০২৬ সালের জুলাই থেকে এই প্রকল্পের শুটিং শুরু হবে। যদিও এখনও চূড়ান্ত কাগজপত্র বাকি, তবে আপাতত কার্তিকের ক্যালেন্ডারে ছবিটির জন্য স্লট রাখা হয়েছে।
শুধু কার্তিক নয়, রণবীর সিংও নাকি জোম্বি ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন পরিচালক জয় মেহতার সঙ্গে। ফলে বলিউডে আসছে জোম্বি ঘরানার এক নতুন ঢেউ। সব মিলিয়ে প্রেমকাহিনি থেকে শুরু করে কমেডি, থ্রিলার ও দেশাত্মবোধক ছবি, বিভিন্ন ধারায় একসঙ্গে কাজ করতে চলেছেন কার্তিক আরিয়ান। স্পষ্ট, আগামী কয়েক বছর বলিউডে অন্যতম বড়ো আকর্ষণ হয়ে উঠতে চলেছেন তিনি।







