নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সরে যেতেই ফের নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর জেরে আগস্টের শেষ দুই দিন—২৯ এবং ৩০ তারিখে—আবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে।
বর্তমানে যে নিম্নচাপ সক্রিয় ছিল, তা উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তিশগড়ে সরে গিয়েছে। ফলে কলকাতা ও আশেপাশে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পরিস্থিতি স্থায়ী নয়। নতুন নিম্নচাপের প্রভাবে ফের ভিজতে চলেছে রাজ্য।
কোথায় কেমন বৃষ্টি?
দক্ষিণবঙ্গ:
সোমবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবারও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গ:
সোমবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টি হবে। যদিও পরবর্তী তিন দিনে বৃষ্টি কিছুটা কমবে, কিন্তু ২৯ ও ৩০ অগাস্ট ফের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে।
ফলে আগস্টের শেষেও কাদা, জল জমা আর প্যাচপ্যাচে আবহাওয়াই সঙ্গী হতে চলেছে রাজ্যবাসীর।







