বলিউডের সুপারস্টার সলমন খান আবারও চমকে দিলেন তাঁর রসিকতায়। ছোটপর্দার বহুল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৯’–এর সূচনায় মঞ্চে এক মজার ঘটনা ঘটে।
প্রতিযোগী নীলম গিরি জানান, ভোজপুরি গানের তালে তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় কয়েকশো মিলিয়ন ভিউ পায়। এই সাফল্যের কথা শুনে বিস্মিত হন সলমন। সঙ্গে ছিলেন আরেক প্রতিযোগী, কৌতুকশিল্পী প্রণিত মোরে। তাঁকে সলমন জিজ্ঞেস করেন, তাঁর স্ট্যান্ডআপ কমেডি ভিডিও কতজন দেখেন? প্রণিত জানান, নীলমের তুলনায় অনেক কম।
এরপরই সলমন মজার ছলে বলেন, “আমি একটা পরামর্শ দিই তোমাকে— ঘাগরা চোলি পরে নাচ শুরু করো। ভিউ আসবেই।” তাঁর এই মন্তব্যে দর্শক-প্রতিযোগী সবাই হেসে উঠলেন।
প্রতিবছরের মতো এ বারও ‘বিগ বস’ দর্শকদের জন্য নিয়ে আসছে ভিন্ন চমক। শোনা যাচ্ছে, এই সিজনে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক নানা আকর্ষণ। আর স্বাভাবিকভাবেই শোয়ের আসল টান সঞ্চালক সলমনের তির্যক হাস্যরস আর ব্যতিক্রমী মন্তব্য।







