কলকাতাজেলা

সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস গুরুতর অসুস্থ, ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। এরপর তাঁকে দ্রুত কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকেই চিকিৎসকরা তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইরন বিশ্বাসের রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে অনেকটা নেমে যায়। পাশাপাশি আরও কয়েকটি শারীরিক সমস্যাও দেখা দেয়।

তৃণমূল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির কার্যালয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিধায়ক, সাংসদ ও জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক চলছিল। সেই বৈঠকেই অসুস্থ হয়ে পড়েন বাইরন বিশ্বাস। তাঁকে প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরেই তাঁর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ হবে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতের তুলনায় বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, সাগরদিঘির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর পর ওই আসনে ২০২৩ সালের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস। কিন্তু নির্বাচনে জেতার কিছুদিনের মধ্যেই অভিষেক ব্যানার্জির হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন।

সূত্রের খবর, বুধবার সন্ধের মধ্যে সমস্ত মেডিকেল রিপোর্ট হাতে আসবে। তারপরই জানা যাবে কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন বাইরন বিশ্বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.