এবারের দুর্গাপুজোর সূচনাই হচ্ছে অন্যরকম আবহে। মহালয়া উপলক্ষে বিজেপি সরকারের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক বিশেষ মেগা ইভেন্ট। শনিবার বিকেলে নির্ধারিত সময়েই ঢাকের বাদ্যি, আদিবাসী নৃত্য এবং লগ্নজিতা চক্রবর্তীর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ইতিমধ্যেই ইডেনে হাজির হয়েছেন জুন মালিয়া, স্বপন দাশগুপ্ত, সুখেন্দুশেখর রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। লাল শাড়িতে সেজে অনুষ্ঠানে পৌঁছেছেন শিল্পী ইমন চক্রবর্তীও। অন্যদিকে, রেড রোড থেকে শোভাযাত্রা করে ইডেনের দিকে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বহু তারকা। সব মিলিয়ে মহালয়ার বিকেলেই উৎসবের আমেজে মেতে উঠেছে তিলোত্তমা।
শনিবার আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোড দিয়ে খোলা জিপে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল আর এন রবির ইডেনে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত রেড রোড থেকে হেঁটেই ইডেনের দিকে রওনা দেন শুভেন্দু অধিকারী। রাস্তার দু’পাশে রাজ্যের বিভিন্ন জেলার সংস্কৃতি, লোকশিল্প, গান ও নৃত্যের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। ইডেনের মূল অনুষ্ঠানের পাশাপাশি থাকছে অত্যাধুনিক ড্রোন শো এবং থ্রি-ডি প্রজেকশন ম্যাপিং। সেখানে বিশেষভাবে তুলে ধরা হবে দেবী দুর্গার আবাহনের দৃশ্য।
শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকছে না এই আয়োজন। ইডেনের অনুষ্ঠান সরাসরি পৌঁছে যাবে বিদেশের মাটিতেও। দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বসেও এই অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন প্রবাসীরা। একইসঙ্গে কলকাতার মূল অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের বিভিন্ন জেলাতেও শুরু হবে উৎসবের আয়োজন।
ইডেনের মঞ্চে এদিন সংগীত পরিবেশন করবেন শান, লগ্নজিতা, কৌশিকী চক্রবর্তী ও অন্তরা মিত্র। পাশাপাশি থাকবে বাংলা ব্যান্ড দোহার এবং শান্তনু মৈত্র ও তাঁর দলের পরিবেশনা। যন্ত্রসংগীতে থাকছেন দেবর্ষি ভট্টাচার্য-সহ আরও অনেকে। গঙ্গার দুই পাড়কেও আলোকসজ্জা ও নানা আয়োজনে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে গঙ্গা আরতিরও।
তবে ইডেনের এই মেগা অনুষ্ঠানকে ঘিরে কলকাতার ট্র্যাফিক ব্যবস্থাতেও বিশেষ পরিবর্তন করা হয়েছে। স্ট্যান্ড রোড-সহ একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কলকাতা ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্ট্র্যান্ড রোড এবং সেন্ট জর্জেস গেট রোডের রাজা উডমন্ট স্ট্রিট থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত অংশে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। শনিবার ভোর ৪টে থেকে বিকেল ৪টে পর্যন্ত কার্যকর থাকবে এই বিধিনিষেধ।







