রাজনীতি

মমতার আটক, সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের প্রস্তুতি! বাতিল কলকাতার ফ্লাইট

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই আটক করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেআইনি জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যদের দ্বারকা সেক্টর ২৩ থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়ার সময় মমতা ও দোলা সেনদের ‘উই শ্যাল ওভারকাম’ গান গাইতে শোনা যায়।

সূত্রের খবর, শনিবারই কলকাতায় ফেরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাত ৯টার ফ্লাইটে তাঁর কলকাতা ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই ফ্লাইট বাতিল করেছেন তিনি। সূত্রের দাবি, এর মধ্যে রাহুল গান্ধীর সঙ্গেও ফোনে কথা হয়েছে মমতার। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোমবার আরও বড় কর্মসূচির পরিকল্পনা রয়েছে বিরোধীদের। সোমবার সুপ্রিম কোর্ট অভিযানে রাহুল গান্ধীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন। প্রধান বিচারপতি সূর্য কান্তের হাতে স্মারকলিপি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, থানায় নিয়ে যাওয়ার পর জল পর্যন্ত গ্রহণ করেননি মমতা।

জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং গ্রেফতারের দাবিতে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কালীঘাটপন্থী তৃণমূলের নেতা-নেত্রীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান-বিক্ষোভ করছিলেন। সেই সময়ই তাঁদের আটক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন সাধারণ মানুষের মতো রাস্তায় রাস্তায় ঘুরিয়ে থানায় নিয়ে যাওয়া হল, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দিয়েছিল ‘ইন্ডিয়া’ জোট। এবার সেই একই ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে স্মারকলিপি তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। সোমবারের কর্মসূচি ঘিরে তাই নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.