মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে সোমবার ফের পথে নামছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। দিল্লিতে বড়সড় বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন জোটের নেতারা। সেই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে গত মঙ্গলবার দিল্লির রাস্তায় নেমেছিলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব-সহ বিরোধী নেতারা। ‘ইন্ডিয়া’র সাংসদদের নির্বাচন সদন অভিযানে সেদিন দিনভর উত্তপ্ত ছিল রাজধানী। এরপর গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে যায় বিরোধী জোটের একটি প্রতিনিধিদল। সেই দলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এ বার কেন্দ্রের উপর আরও চাপ তৈরি করতে সোমবার ফের বিক্ষোভ কর্মসূচিতে নামছে ‘ইন্ডিয়া’। এ দিনের কর্মসূচিতে সুপ্রিম কোর্টের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের। প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে একটি স্মারকলিপি তুলে দিতে চান তাঁরা। রাষ্ট্রপতি ভবনে যাওয়া ১০ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরাই এই কর্মসূচিতেও থাকবেন বলে জানা গিয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, সোমবার দিল্লিতে বড়সড় প্রতিবাদ কর্মসূচি পালন করবে ‘ইন্ডিয়া’। তবে ঠিক কী ধরনের বিক্ষোভ হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। যদিও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার ইচ্ছার কথা শনিবারও জানিয়েছেন বেণুগোপাল।
শনিবার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমারকে রক্ষা করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পদক্ষেপই ভবিষ্যতে মোদী সরকারের পতনের কারণ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। বেণুগোপালের দাবি, কোনও নেতার পতন যখন ঘনিয়ে আসে, তখন তাঁর আচরণে যে ধরনের অস্থিরতা দেখা যায়, প্রধানমন্ত্রী মোদীর মধ্যেও বর্তমানে সেটাই দেখা যাচ্ছে। বিরোধী জোটের আন্দোলনকে কেন্দ্র ভয় পাচ্ছে বলেও দাবি করেন তিনি।
বেণুগোপাল আরও জানান, ভোটপ্রক্রিয়া অবাধ ও নিরপেক্ষ না হওয়া পর্যন্ত কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ জোটের আন্দোলন চলবে।
এর আগে শুক্রবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল ‘ইন্ডিয়া’র ১০ সদস্যের প্রতিনিধিদল। রাত ৮টা নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। রাত ৯টার কিছু আগে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে প্রতিনিধিদলের সদস্যরা দাবি করেন, রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের বৈঠক ইতিবাচক হয়েছে।







