দেশ

‘ইলেকশন কমিশন ঠিক করো’, কমিশন সংস্কারের দাবিতে সরব ককরোচ জনতা পার্টি

নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্কের আবহেই এবার সরাসরি কমিশনের সংস্কারের দাবিতে সরব হল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক সমাজমাধ্যমে বার্তা দিয়ে দাবি করেছেন, ভোটার তালিকা ও মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন থেকেই গেলে স্কুল, বেকারত্ব কিংবা পরিকাঠামোর মতো অন্যান্য ইস্যুতে আন্দোলন করে বিশেষ সুফল মিলবে না। তাঁর বার্তা, “ইলেকশন কমিশন ঠিক করো! গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক কাল দিল্লিতে। জ্ঞানেশ, ইটস ডান ব্রো।”

এদিকে বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত কর্মসূচিও বাতিল করেছে সিজেপি। দুপুরে দিল্লিতে সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। ‘ভারতের গণতন্ত্রের অপহরণ’—এই বিষয়কে সামনে রেখেই ওই বৈঠকের আয়োজন বলে জানিয়েছে সংগঠনটি।

সিজেপির মুখপাত্র সৌরভ দাসের অভিযোগ, নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করছে। তাঁর বক্তব্য, স্কুলের পরিকাঠামো, আদিবাসী শিক্ষা, বেকারত্ব কিংবা পরীক্ষায় অনিয়মের মতো বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হলেও, মানুষ যদি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ না পান, তাহলে সেই আন্দোলনের প্রভাবও সীমিত থাকবে। তাঁদের বক্তব্যে গণতান্ত্রিক পরিবর্তনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ভোটকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্য নিয়ে প্রকাশিত ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনের পরই সিজেপির এই অবস্থান সামনে আসে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত ১০ মাসে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী কমিশনের একাধিক সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, নাম বাদ দেওয়া, পুনর্বহাল এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালীন ভোটার নথিভুক্তির প্রক্রিয়া নিয়েও তাঁদের আপত্তির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যদিও এই বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বহু সদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠানে লিখিত মতামত, পর্যবেক্ষণ, প্রযুক্তিগত পরামর্শ এবং অভ্যন্তরীণ পর্যালোচনা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ারই অংশ। কমিশনের দাবি, চূড়ান্ত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। এসআইআর-সহ সাম্প্রতিক সিদ্ধান্তগুলিও তিন কমিশনারের অনুমোদনেই গৃহীত হয়েছে বলে জানিয়েছে কমিশন।

অন্যদিকে, এসআইআর নিয়ে বিরোধী শিবিরের একাংশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও তুলেছে। এমন পরিস্থিতিতে অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন সংগঠন নির্বাচন কমিশনের ভূমিকা, কাজকর্ম এবং ভোটাধিকার রক্ষার বিষয়টিকেই তাদের পরবর্তী কর্মসূচির অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.